মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৭০
- হজ্জ্বের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭০। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থাকিয়া বায়তুল্লাহর তওয়াফ করিয়াছেন এবং যখনই তিনি হাজারে আসওয়াদের নিকট পৌঁছিয়াছেন, আপন হাতের একটি জিনিস (ছড়ি) দ্বারা উহার দিকে ইশারা করিয়াছেন এবং আল্লাহু আকবর বলিয়াছেন। -বুখারী
كتاب المناسك
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ فِي يدِه وكبَّرَ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

১. অপর হাদীসে আছে, হুযূর রোকনে ইয়ামানীতে বলিয়াছেন, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবর।

২. কোন কোন হাদীসে রাসূলুল্লাহ (ﷺ)-এর তাওয়াফের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, তিনি হাজরে আসওয়াদকে ইসতিলাম করার পর ডান দিকে হেঁটে গেলেন এবং তাওয়াফ শুরু করলেন। এর প্রথম তিন চক্করে রমল করলেন, আর বাকী চার চক্করে স্বাভাবিক গতি অনুসরণ করলেন। এর দ্বারা বুঝা যায় যে, তিনি তাওয়াফ পায়ে হেঁটে করেছিলেন।

আর কোন কোন হাদীসে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে এ দু'টি বর্ণনায় কোন বিরোধ নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্বে মক্কায় পৌছার পর প্রথম তাওয়াফটি পায়ে হেঁটে করেছিলেন। তারপর দশই যিলহজ্ব মিনা থেকে মক্কায় এসে যে তাওয়াফটি করেছিলেন, সেটা উটের উপর সওয়ার হয়ে করেছিলেন- যাতে প্রশ্নকারীরা তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং মাসআলা জেনে নিতে পারে। তাই হুযুর (ﷺ)-এর উটটি যেন সে সময় তাঁর জন্য মিম্বর হিসাবে ব্যবহৃত হচ্ছিল। আর সম্ভবত তিনি নিজের এ আমল দ্বারা একথাও প্রকাশ করতে চেয়েছিলেন যে, বিশেষ অবস্থায় সওয়ারীর উপরও তাওয়াফ করা যায়।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান