মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬০০
- হজ্জ্বের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফায় অবস্থান প্রসঙ্গে
২৬০০। হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ্ ইবনে কারীয (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শয়তানকে কোন দিন এত অধিক অপমানিত, এত অধিক ধিকৃত, এত অধিক হীন ও এত অধিক রাগান্বিত দেখা যায় না আরাফার দিন অপেক্ষা। যেহেতু সে দেখিতে থাকে যে, বান্দাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হইতেছে এবং তাহাদের বড় বড় গোনাহ্ মাফ করা হইতেছে; কিন্তু যাহা দেখা গিয়াছিল বদরের দিনে ; (তাহা ইহা অপেক্ষাও অধিক গুরুতর!) কেহ জিজ্ঞাসা করিল, বদরের দিন কি দেখা গিয়াছিল (ইয়া রাসূলাল্লাহ্!) উত্তরে তিনি বলিলেন, সেদিন সে নিশ্চিতরূপে দেখিয়াছিল যে, হযরত জিবরাঈল (আঃ) ফিরিশতাদিগকে সারিবন্দী করিতেছেন। — মালেক মুরসালরূপে। শরহে সুন্নাহয় মাসাবীহের শব্দে ।
كتاب المناسك
لإرساله وَعَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ وَمَا ذَاكَ إِلَّا لِمَا يَرَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنِ الذُّنُوبِ الْعِظَامِ إِلَّا مَا رُئِيَ يَوْمَ بَدْرٍ» . فَقِيلَ: مَا رُئِيَ يَوْمَ بَدْرٍ؟ قَالَ: «فَإِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ» . رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا وَفِي شَرْحِ السُّنَّةِ بِلَفْظِ الْمَصَابِيحِ

হাদীসের ব্যাখ্যা:

আরাফাতের বরকতময় ময়দানে যিলহজ্বের নয় তারিখে যা রহমত ও বরকত নাযিলের বিশেষ দিন- যখন হাজার হাজার অথবা লাখ লাখ বান্দা ফকীরের বেশ ধারণ করে সমবেত হয় এবং আল্লাহর দরবারে নিজের ও অন্যদের মাগফেরাতের জন্য দু‘আ ও রোনাযারী করে, তখন আরহামুর রাহিমীনের রহমতের অতল দরিয়ায় ঢেউ জাগে। তারপর তিনি নিজ অনুগ্রহের শান অনুযায়ী গুনাহগার বান্দাদের মাগফেরাত ও জাহান্নাম থেকে তাদের মুক্তির ফায়সালা করে দেন। এর ফলে শয়তান জ্বলে পুড়ে মরতে থাকে এবং নিজের মাথা ঠুকতে থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান