মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৪৩
- হজ্জ্বের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে কুরত (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ মহান দিনসমূহের মধ্যে কোরবানীর দিনও একটি মহান দিন, অতঃপর দ্বিতীয় দিন। আব্দুল্লাহ্ বলেন, এই দিন পাঁচ কি ছয়টি উট রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আনা হইল আর উটসমূহ নিজেদেরকে তাঁহার নিকট পেশ করিতে লাগিল— তিনি কোনটিকে আগে কোরবানী করিবেন। আব্দুল্লাহ্ বলেন, যখন উটসকল যমীনে পড়িয়া গেল, হুযূর ছোট স্বরে কিছু কথা বলিলেন যাহা আমি বুঝিলাম না। নিকটের একজনকে জিজ্ঞাসা করিলাম — হুযুর কী বলিলেন ? সে বলিল, তিনি বলিয়াছেন, যে চাহে উহা কাটিয়া নিতে পারে। – আবু দাউদ। আর হযরত ইবনে আব্বাস ও জাবের (রাঃ)-এর হাদীস অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে।
كتاب المناسك
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَعْظَمَ الْأَيَّامِ عِنْدَ اللَّهِ يَوْمُ النَّحْرِ ثُمَّ يَوْمُ الْقَرِّ» . قَالَ ثَوْرٌ: وَهُوَ الْيَوْمُ الثَّانِي. قَالَ: وَقُرِّبَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَدَنَاتٌ خَمْسٌ أَوْ سِتٌّ فطفِقْن يَزْدَلفْنَ إِليهِ بأيتهِنَّ يبدأُ قَالَ: فَلَمَّا وَجَبَتْ جُنُوبُهَا. قَالَ فَتَكَلَّمَ بِكَلِمَةٍ خَفِيَّةٍ لَمْ أَفْهَمْهَا فَقُلْتُ: مَا قَالَ؟ قَالَ: «مَنْ شَاءَ اقْتَطَعَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَذَكَرَ حَدِيثَا ابنِ عبَّاسٍ وجابرٍ فِي بَاب الْأُضْحِية

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ্ তা'আলার এ কুদরত ও শক্তি রয়েছে যে, তিনি পশুদের মধ্যে এমনকি মাটি, পাথর ইত্যাদি প্রাণহীন বস্তুর মধ্যেও বাস্তবতার অনুভূতি সৃষ্টি করে দিতে পারেন। এই যে, ৫/৬টি উট, যেগুলো কুরবানীর জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমতে নিয়ে আসা হয়েছিল, এগুলোর মধ্যে আল্লাহ তা'আলা ঐ সময় এ অনুভূতি ও জ্ঞান পয়দা করে দিয়েছিলেন যে, আল্লাহর রাহে এবং তাঁর প্রিয়তম রাসূল মুহাম্মদ (ﷺ)-এর হাতে তাদের কুরবানী হওয়া কত বিরাট সৌভাগ্যের ব্যাপার। এ জন্য এগুলোর মধ্য থেকে প্রত্যেকটিই এ আকাঙ্ক্ষা নিয়ে হুযুর (ﷺ)-এর কাছে এসে ঘেঁষতে লাগল যে, প্রথমে যেন আমাকেই যাবাহ করা হয়।
কবির ভাষায়:
ہمہ آہوانِ صحرا سرِ خود نہادہ بر کف بہ اُمید آنکہ روزے بہ شکار خواہی آمد
মরুর হরিণগুলো নিজের মস্তক হাতের মুঠোয় করে এ আশায় দাঁড়িয়ে আছে যে, একদিন আমার প্রিয়তম আমাকে শিকার করতে আসবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৪৩ | মুসলিম বাংলা