মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬৭
- হজ্জ্বের অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি তানঈম হইতে উমরার এহরাম বাধিলাম, অতঃপর মক্কায় পৌঁছিয়া আমার কাযা উমরা সমাধা করিলাম। আর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আবতাহে অপেক্ষা করিলেন, যাবৎ না আমি অবসর হইলাম। অতঃপর তিনি লোকদিগকে (মদীনা) রওয়ানা হইতে হুকুম দিলেন এবং নিজে রওয়ানা হইলেন (মক্কার দিকে) এবং বায়তুল্লাহ্ শরীফ পৌঁছিয়া উহার (বিদায়ী) তওয়াফ করিলেন ফজরের নামাযের পূর্বে। তৎপর মদীনার দিকে রওয়ানা হইলেন। মেশকাত প্রণেতা বলেন, বাগাবী ইহাকে প্রথম পরিচ্ছেদে স্থান দিলেও আমি ইহাকে সহীহাইনে পাই নাই; বরং সামান্য বেশকমের সাথে ইহা আবু দাউদে রহিয়াছে।
كتاب المناسك
وَعَنْهَا قَالَتْ: أَحْرَمْتُ مِنَ التَّنْعِيمِ بِعُمْرَةٍ فَدَخَلْتُ فَقَضَيْتُ عُمْرَتِي وَانْتَظَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم بالأبطحِ حَتَّى فَرَغْتُ فَأَمَرَ النَّاسَ بِالرَّحِيلِ فَخَرَجَ فَمَرَّ بِالْبَيْتِ فَطَافَ بِهِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ ثُمَّ خَرَجَ إِلَى الْمَدِينَةِ. هَذَا الْحَدِيثُ مَا وَجَدْتُهُ بِرِوَايَةِ الشَّيْخَيْنِ بَلْ بِرِوَايَةِ أَبِي دَاوُدَ مَعَ اخْتِلَاف يسير فِي آخِره

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা রাযি. বিদায় হজ্বের সময় যখন মদীনা থেকে রওয়ানা হয়েছিলেন, তখন তিনি তামাত্তু হজ্বের ইচ্ছা করেছিলেন এবং এ জন্য উমরার ইহরাম বেঁধে ছিলেন। কিন্তু যখন মক্কা শরীফের কাছে পৌঁছলেন, তখন তার হায়েয শুরু হয়ে গেল, যে কারণে তিনি উমরার তাওয়াফ ইত্যাদি কিছুই করতে পারলেন না। অবশেষে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশে উমরা ছেড়ে দিয়ে ৮ই যিলহজ্ব হজ্বের ইহরাম বেঁধে নিলেন এবং তাঁর সাথে সম্পূর্ণ হজ্ব আদায় করলেন। ১৩ই যিলহজ্ব শয়তানকে কংকর নিক্ষেপ করে রাসূলুল্লাহ (ﷺ) যখন ফিরে আসলেন, তখন আবতাহ নামক স্থানে অবতরণ করলেন এবং এখানেই রাত কাটাবার সিদ্ধান্ত নিলেন। ঐ রাতেই তিনি হযরত আয়েশাকে তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে পাঠালেন, যেন তিনি হারামের সীমানার বাইরে তানয়ীমে গিয়ে সেখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা আদায় করে এখানে এসে যান। এ হাদীসে ঐ ঘটনার কথাই বলা হয়েছে। হযরত আয়েশা যখন উমরা সমাধা করে আসলেন, তখন তিনি কাফেলাকে রওয়ানা হওয়ার হুকুম দিলেন। কাফেলা আবতাহ থেকে মসজিদুল হারামে আসল। হুযুর (ﷺ) এবং তাঁর সাথীগণ শেষ রাতে বিদায়ী তাওয়াফ করলেন এবং তখনই মদীনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন।

হযরত আয়েশা রাযি.-এর এ উমরাটি ঐ উমরার কাযা ছিল, যা ইহরাম বাঁধা সত্ত্বেও তিনি তখন করতে পারেননি। এ হাদীস থেকে জানা গেল যে, বিদায়ী তাওয়াফ মক্কা শরীফ থেকে বিদায়ের সময়ই করা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৬৭ | মুসলিম বাংলা