মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০২৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০২৬। হযরত আনাস (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) মদীনা আগমন করিলেন, মুহাজিরগণ তাঁহার নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা যাঁহাদের মধ্যে আসিয়া পৌঁছিয়াছি তাহাদের অপেক্ষা প্রচুর জিনিসের দাতা এবং অল্প জিনিস দ্বারা হইলেও সহানুভূতিশীল কোন সম্প্রদায় আমরা আর দেখি নাই। তাঁহারা আমাদের কষ্টের ভার লইয়াছেন এবং কষ্টে অর্জিত জিনিসে আমাদিগকে শরীক করিয়াছেন, যাহাতে আমরা ভয় করিতেছি যে, তাহারাই সমস্ত সওয়াব লইয়া যাইবেন। হুযূর বলিলেন, তাহা হইবে না যাবৎ তোমরা তাহাদের জন্য দো'আ কর ও তাহাদের প্রশংসা কর। —তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং সহীহ্ বলিয়াছেন।
كتاب البيوع
وَعَنْ أَنَسٍ قَالَ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ أَتَاهُ الْمُهَاجِرُونَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا رَأَيْنَا قَوْمًا أَبْذَلَ مِنْ كَثِيرٍ وَلَا أَحْسَنَ مُوَاسَاةً مِنْ قَلِيلٍ مِنْ قَوْمٍ نَزَلْنَا بَيْنَ أَظْهُرِهِمْ: لَقَدْ كَفَوْنَا المؤونة وَأَشْرَكُونَا فِي الْمَهْنَأِ حَتَّى لَقَدْ خِفْنَا أَنْ يَذْهَبُوا بِالْأَجْرِ كُلِّهِ فَقَالَ: «لَا مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهُ
হাদীসের ব্যাখ্যা:
যখন রাসুলুল্লাহ ﷺ মক্কা মুআযযামা থেকে হিজরত করে পবিত্র মদীনায় এলেন, আর সাথে মুহাজিরদের এক বড় দল ছিল, যারা তাঁর পূর্বে বা পরে নিজ নিজ ঘর ছেড়ে পবিত্র মদীনায় এসেছিলেন, একথা সর্বজনবিদিত যে, প্রাথমিক দিনগুলোতে তাঁদের সবাইকে মদীনার আনসারগণ আল্লাহর উদ্দেশ্যে নিজেদের মেহমান করেছিলেন, জমি-জমা ও অন্যান্য কাজে নিজেরা পরিশ্রম করতেন আর তা থেকে যা উপার্জিত হত তাতে মুহাজিরদের শরীক করে নিতেন। সেই আনসারগণের মধ্যে বিত্তশালীও ছিলেন আবার দরিদ্রও ছিলেন। তবে নিজ নিজ অবস্থা অনুযায়ী মুহাজিরগণের সেবায় সবাই অংশ গ্রহণ করতেন। যাঁরা বিত্তশালী ছিলেন তাঁরা পূর্ণ প্রশস্ত হৃদয়ে মুহাজিরদের পেছনে নিজেদের সম্পদ দ্বিধাহীন চিত্তে ব্যয় করতেন। আর যাঁরা দরিদ্র ছিলেন তাঁরা নিজেদের পেট ক্ষুধার্ত রেখে তাঁদের খিদমত ও মেহমানদারী করতেন।
এমতাবস্থায় মুহাজিরগণের হৃদয়ে এ ধারণা জন্মাল, এমন না হয় যে, আনসারদের এ অসাধারণ আত্মত্যাগ ও ইহসানের কারণে আমাদের হিজরত ও ইবাদত ইত্যাদির সওয়াবও আমাদের ইহসানকারী অতিথিপরায়ণরা নিয়ে নেয়। আর আমরা লোকসানে থেকে যাই। তাঁরা রাসূলুল্লাহ ﷺ-এর খিদমতে নিজেদের এ আশংকার কথা পেশ করলেন। তিনি তাঁদের আশ্বস্ত করলেন যে, এরূপ হবে না। তবে শর্ত হচ্ছে তোমরা তাঁদের এ ইহসানের পরিবর্তে তাদের জন্য আল্লাহর নিকট দু'আ করবে এবং অন্তরে ও মুখে তাদের ইহসানের স্বীকারোক্তি ও শুকরিয়া আদায় করে চলবে। আল্লাহ তা'আলা তোমাদের এ কাজকেই তাদের ইহসানের বিনিময়ে কবুল করবেন এবং তোমাদের পক্ষ হতে তাদের এই ইহসান ও আত্মত্যাগের পূর্ণ প্রতিদান তাদের দান করবেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)