মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১১৯
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১১৯। হযরত জাবের (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যাহাদের স্বামী উপস্থিত নাই তাহাদের নিকট যাইও না। কেননা, শয়তান তোমাদের প্রত্যেকের ভিতর রক্তের ন্যায় বিচরণ করে। আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্, আপনার মধ্যেও কি? তিনি বলিলেন, হ্যাঁ, আমার মধ্যেও, তবে আল্লাহ্ আমাকে সাহায্য করেন তাই আমি উহা হইতে রক্ষা পাই। —তিরমিযী
كتاب النكاح
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَلِجُوا عَلَى الْمُغَيَّبَاتِ فَإِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ أَحَدِكُمْ مَجْرَى الدَّمِ» قُلْنَا: وَمِنْكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَمِنِّي وَلَكِنَّ الله أعانني عَلَيْهِ فَأسلم» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

বিবাহিতা নারী যাদের স্বামী কোথাও কর্ম, চাকুরী বা সফর ইত্যাদিতে গিয়ে রয়েছে, তাদের সাথে গায়রে মাহরাম পুরুষদের সাক্ষাতে ফিতনার আশংকা বেশী থাকে। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) এ বিষয়ে এই বিশেষ নির্দেশ প্রদান করেছেন। তিনি একথাও বলেছেন যে, শয়তান প্রত্যেকের সাথেই লেগে থাকে এবং তার কুমন্ত্রণা ও প্রভাব মানুষের মধ্যে এভাবে প্রবহমান থাকে- যেভাবে শিরায় রক্ত প্রবহমান থাকে। এ ক্ষেত্রে জনৈক সাহাবী হুযুর (ﷺ)কে জিজ্ঞাসা করলেন যে, এ ব্যাপারে (অর্থাৎ, শয়তানের কুমন্ত্রণা ও প্রভাবের ব্যাপারে) আপনার অবস্থা কি? তিনি উত্তরে বললেন, শয়তান তো আমার সাথেও রয়েছে; কিন্তু এ ব্যাপারে আল্লাহ্ তা'আলা আমাকে বিশেষ সাহায্য করেছেন, যে কারণে আমি তার কুমন্ত্রণা ও প্রভাব থেকে নিরাপদ থাকি। আমার উপর তার কোন কৌশল চলে না এবং সে আমাকে কোন ভুলে ও ফিতনায় লিপ্ত করতে পারে না। এটা প্রকৃতপক্ষে নবীদের নিষ্পাপ গুণেরই অপরিহার্য দাবী।

এখানে এ কথাটিও লক্ষণীয় যে, হুযুর (ﷺ) শয়তানের কুমন্ত্রণা ও প্রভাব থেকে নিরাপদ ও মুক্ত থাকাকে নিজের সত্তাগত কোন পরাকাষ্ঠা বলেননি; বরং আল্লাহ্ তা'আলার বিশেষ মদদ ও সাহায্যের ফল বলে উল্লেখ করেছেন। এটাই হচ্ছে আবদিয়্যাত ও দাসত্বের সর্বোচ্চ স্তর।

اللَّهُمَّ صَلِّ عَلَىٰ عَبْدِكَ وَنَبِيِّكَ سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَىٰ آلِهِ وَصَحْبِهِ وَاتِّبَاعِهِ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান