মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৩৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ভাগ-বণ্টন (সহধর্মিণীদের মধ্যে পালা নিরূপণ প্রসঙ্গে)
৩২৩৫। ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তাঁর স্ত্রীগণের মাঝে ন্যায়-নিষ্ঠার সাথে পালা বণ্টন করতেন এবং বলতেন, ’’হে আল্লাহ! আমার সাধ্যমত (এই বিষয়ের) বণ্টন করলাম, আর যে ব্যাপারে তোমার আয়ত্তে ও আমার সাধ্যাতীত (মনের দুর্বলতা ও ভালোবাসার দরুন), সে বিষয়ে তুমি আমাকে অপরাধী করিও না’’। তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ ও দারিমী
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْسِمُ بَيْنَ نِسَائِهِ فَيَعْدِلُ وَيَقُولُ: «اللَّهُمَّ هَذَا قَسْمِي فِيمَا أَمْلِكُ فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلَا أَمْلِكُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, বসবাস ও আচার-আচরণ সম্পর্কিত বিষয়ে রাসূলুল্লাহ তাঁর পবিত্র স্ত্রীগণের সঙ্গে সমতা ও পূর্ণ ইনসাফ করতেন। এক জনের সাথে যে ব্যবহার ছিল তা সবার সাথে ছিল। তবে অন্তরের ভালবাসা ও হৃদয়ের টান এমন বিষয়, যার ওপর কোন মানুষের হাত নেই। তাঁরও হাত ছিল না। হৃদয়ের অবস্থা একরূপ ছিল না। এ জন্য আল্লাহ্ তা'আলার সমীপে নিবেদন পেশ করতেন "হে আল্লাহ। এ বিষয় আমার অধীনে নেই, আপনার অধীনে রয়েছে, সেজন্য অভিযুক্ত করবেন না বা হিসাব নেবেন না।" এটা ছিল তাঁর পরিপূর্ণ দাসত্বের প্রকাশ। তা না হলে কুরআন মজীদে তো রয়েছেঃ {لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا } [البقرة: 286]
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান