মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৩৬
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শহীদ কতল বা হত্যার ব্যথা ততটুকুই অনুভব করে, যতটুকু তোমাদের কেহ পিঁপড়ার দংশনে ব্যথা অনুভব করিয়া থাকে। – তিরমিযী, নাসায়ী ও দারেমী এবং তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
كتاب الجهاد
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّهِيدُ لَا يَجِدُ أَلَمَ الْقَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ أَلَمَ الْقَرْصَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

যে ভাবে আমাদের এ জগতে অপারেশনের স্থানকে ইনজেকশনের মাধ্যমে অবশ করে বড় বড় অপারেশন করা হয়, ফলে অপারেশনের কষ্ট নাম মাত্র অনুভূত হয়, অনুরূপ বুঝা চাই যে, যখন কোন ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় তখন আল্লাহ্ তা'আলার নিকট হতে তাঁর প্রতি এমন অবস্থা প্রবাহিত করা হয় যে, শাহাদত কালে পিঁপড়ার দংশন থেকে অধিক কষ্ট অনুভূত হয় না।

জামি' তিরমিযীর এক হাদীসে আছে, যখন কোন বান্দাকে আল্লাহর পথে শহীদ করা হয় তখন জান্নাতে তার ঠিকানা তার সামনে উপস্থিত করা হয়। (يُرَى مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ) জান্নাতের এই দৃশ্যের স্বাদ ও গন্ধ এরূপ জিনিস, যে কারণে হত্যার কষ্ট অনুভব না হওয়া অনুমান যোগ্য। (১)

টিকাঃ ১. আমাদের এ যুগের ঘটনা হাকিমুল উম্মত হযরত থানভী (রহ)-এর মর্যাদাবান খলীফা হযরত মাওলানা মুফতী মুহাম্মদ হাসান অমৃতসরী (রহ) যিনি দেশ বিভাগের পর অমৃতসর থেকে লাহোর স্থানান্তরিত হয়েছিলেন এবং সেখানে জামিআ' আশরাফীয়া প্রতিষ্ঠা করে ছিলেন। তাঁর পায়ে একটি ক্ষত ছিল, যা বেড়ে হাঁটুর ওপর রান পর্যন্ত পৌঁছেছিল। লাহোরের ডাক্তারগণ রানের উপর অংশে কাটা প্রয়োজন বলে সিদ্ধান্ত নিলেন। এতে তিনি সম্মত হলেন। অপারেশনের থিয়েটারে যখন টেবিলে ওপর তাঁকে নেওয়া হল, নিয়মানুযায়ী ডাক্টারগণ তাঁকে অচেতন করতে চাইলেন। তিনি বললেন, অচেতন করার প্রয়োজন নেই। এভাবেই আপনারা আপনাদের কাজ সমাধা করুন। ডাক্তারগণ বললেন, বিরাট অপারেশন। কয়েক ঘন্টা লাগবে এবং হাড় কাটতে হবে তাই অচেতন করার প্রয়োজন রয়েছে। হযরত মুফতী সাহেব বললেন, মোটেই প্রয়োজন নেই। আপনারা আপনাদের কাজ শুরু করুন। তিনি তাসবীহ হাতে নিয়ে অন্য দিকে মুখ ফিরে 'শুয়ে রইলেন। ডাক্তারগণ তাঁর নির্দেশ পালনে এভাবেই কাজ শুরু করলেন। অপারেশনে প্রায় আড়াই ঘন্টা লেগেছিল। উক্ত সময় মুফতী সাহেব এভাবেই শুয়ে রইলেন। ডাক্তারগণ চূড়ান্ত পর্যায়ের আশ্চর্য হলেন। বিষয়টি তাদের বুদ্ধি ও ধারণার বাইরে ছিল। পরে কোন বিশেষ ভক্ত পিড়া-পীড়ির সুরে জিজ্ঞাসা করেন, হুযূর! ঘটনাটি কি ছিল? তিনি বললেন, আল্লাহ্ তা'আলার পক্ষ হতে তখন এই কষ্টের পুরস্কার আমার সামনে মেলে ধরা হয়। সেই দৃশ্যাবলির মধ্যে আল্লাহ্ তা'আলা আমাকে ডুবিয়ে রেখেছিলেন। এ অপারেশনের কোন কোন প্রত্যক্ষদর্শী এখনও লাহোরে জীবিত আছেন। আল্লাহ্ তা'আলার বিষয় আমাদের কল্পনা ও অনুমান থেকে বহু উর্ধ্বে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান