মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০০১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৫০০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া নিজের হৃদয়ের কাঠিন্য সম্পর্কে অভিযোগ করিল। তিনি বলিলেনঃ ইয়াতীমের মাথায় হাত বুলাও এবং মিসকীনকে খানা খাওয়াও। —আহ্‌মদ
كتاب الآداب
وَعَن أبي

هُرَيْرَة أَنَّ رَجُلًا شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ فَقَالَ: «امْسَحْ رَأْسَ الْيَتِيم وَأطْعم الْمِسْكِين» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

১. মানুষ যখন আখেরাত ও মৃত্যু হইতে গাফেল হইয়া যায় তখন তাহার অন্তর কঠিন হইয়া পড়ে। ইয়াতীম ও মিসকীনের সেবা করিলে মন কোমল হইবে।

হৃদয়ের কঠোরতা এক ধরনের মানসিক রোগ। এ ব্যধি মানুষকে সহজে আক্রমণ করতে পারে, কিন্তু মানুষ তা সহজে উপলব্ধি করতে পারে না। কোন কোন সময় উপলব্ধি করতে পারলেও তার অপকারিতা সম্পর্কে সঠিক আন্দাজ সে করতে পারে না। ফলে এ মারাত্মক রোগের প্রায়ই চিকিৎসা হয় না। ধীরে ধীরে রোগ বৃদ্ধি পায় এবং রোগীকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করে।

২. এ মারাত্মক রোগ দূর করার জন্য আল্লাহর রাসূল ﷺ ইয়াতীমকে ভালবাসতে বলেছেন। ইয়াতীমের মাথায় হাত বুলানোর অর্থ হল তাকে স্নেহ-মমতা করা, তার সাথে নরম ব্যবহার করা, তার হক আত্মসাৎ না করা, তার অভাব-অভিযোগ দূর করা, তার প্রয়োজন পূরণ করা ইত্যাদি। মিসকীনদেরকে খাওয়ানোর কথাও বলা হয়েছে। যে ব্যক্তি এ দুটো কাজ করে, সে মূলত প্রশস্ত মনের অধিকারী। মানুষের প্রতি ভালবাসা না থাকলে কোন মানুষ অন্যের উপকার করতে পারে না। তাই যে এ দুটো কাজ কর্তব্য জ্ঞান করে করতে থাকবে, আল্লাহ তার মনে মানুষের জন্য স্নেহ-মমতা সৃষ্টি করে দিবেন এবং অন্তরে অন্যের জন্য স্নেহ-মমতা সৃষ্টি হওয়ার অর্থ হল অন্তরের কঠোরতা দূর হওয়া।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান