মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১৩০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩০। হযরত মু'আবিয়া (রাঃ) হইতে বর্ণিত, একবার তিনি আয়েশা (রাঃ)-এর নিকট একখানা পত্র লিখিয়া আরয করিলেন, আপনি আমাকে উপদেশ সম্বলিত একখানা পত্র লিখুন, বেশী লম্বা করিবেন না। তিনি লিখিলেন, আপনার উপর শান্তি বর্ষিত হউক। পর সমাচার, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছিঃ যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে, মানুষের দায়িত্ব নির্বাহে আল্লাহ্ই তাহার জন্য যথেষ্ট হইবেন। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি সত্ত্বেও মানুষের সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ্ তাহাকে মানুষের উপর সোপর্দ করিয়া দিবেন ‘ওয়াসসালামু আলাইক।' –তিরমিযী
كتاب الآداب
وَعَنْ مُعَاوِيَةَ أَنَّهُ كَتَبَ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنِ اكْتُبِي إِلَيَّ كِتَابًا تُوصِينِي فِيهِ وَلَا تُكْثِرِي. فَكَتَبَتْ: سَلَامٌ عَلَيْكَ أَمَّا بَعْدُ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «من التمَس رضى الله بسخط النَّاس كفاهُ اللَّهُ مؤونة النَّاس وَمن التمس رضى النَّاسِ بِسَخَطِ اللَّهِ وَكَلَهُ اللَّهُ إِلَى النَّاسِ» وَالسَّلَام عَلَيْك. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে মু'মিনদের জন্য উপদেশের এক সমুদ্র রয়েছে। যে ব্যক্তি আখিরাতকে পসন্দ করে, সে কখনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে নারায করবে না। যে আল্লাহকে নারায করে মানুষকে রাযী করতে চাইবে, সে তার আখিরাতের যিন্দেগী বরবাদ করবে। আখিরাতের আদালতে তাকে কঠিন জবাবদিহি করতে হবে। কিন্তু যে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আল্লাহকে নারায করে, সে দুনিয়ার যিন্দেগীতেও প্রচুর সমস্যার সৃষ্টি করে। আল্লাহ তাঁর নিজের সাহায্য প্রত্যাহার করার কারণে সে প্রত্যেক পদক্ষেপে মানুষের সাহায্য ও সহযোগিতার মুখাপেক্ষী হয় এবং মানুষের সাহায্যের মুখাপেক্ষী হওয়ার কারণে মানুষ তাকে গলদ রাস্তায় পরিচালিত করে এবং তার জন্য সমস্যার পাহাড় সৃষ্টি করে। এ ধরনের বান্দাদের এমন এক সময় উপস্থিত হয় যখন তার সাহায্যকারী বন্ধুগণ তার উপর অসন্তুষ্ট ও বিরক্ত হয় এবং তাকে সমস্যার সমুদ্রে ফেলে নিজেরা কেটে পড়ে। তাই এ ধরনের মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ই বরবাদ হয়।

এই হাদীসে রাজনৈতিক নেতা, রাষ্ট্রের শাসক এবং সমাজকর্মীদের জন্য চিন্তার প্রচুর উপাদান রয়েছে। আল্লাহ ও তাঁর রাসূলের পথ অনুসরণ করলে তারা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারবেন। অন্যথায় আখিরাত ও দুনিয়ার কল্যাণ থেকে বঞ্চিত হবেন। সারা দুনিয়ার মানুষকে তোয়াজ করেও দুনিয়া স্থায়ীভাবে হস্তগত করা যাবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান