মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১৪১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২২. দ্বিতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৪১। হযরত উরস ইবনে উমাইরা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যমীনের বুকে যখন কোন পাপের কাজ সংঘটিত হয় তখন তথায় উপস্থিত থাকিয়া যে ব্যক্তি উহাকে ঘৃণা করে, সে ঐ ব্যক্তির ন্যায়, যে তথায় উপস্থিত ছিল না। পক্ষান্তরে যে ব্যক্তি অনুপস্থিত থাকিয়া উহাতে সন্তুষ্টি প্রকাশ করে, সে ঐ ব্যক্তির ন্যায় যে তথায় উপস্থিত রহিয়াছে। —আবু দাউদ
كتاب الآداب
وَعَن الْعرس بن عَمِيرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا عُمِلَتِ الْخَطِيئَةُ فِي الْأَرْضِ مَنْ شَهِدَهَا فَكَرِهَهَا كَانَ كَمَنْ غَابَ عَنْهَا وَمَنْ غَابَ عَنْهَا فَرَضِيَهَا كَانَ كَمَنْ شَهِدَهَا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ বিষয়ের অন্যান্য হাদীসের আলোকে হুযূর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর উদ্দেশ্য এই হবে যে, যে সব লোকের সামনে আল্লাহ্ ও রাসূলের নির্দেশাবলি ও শরী'আতের পরিপন্থী কাজ করা হয়, তারা যদি তা থেকে অসন্তুষ্ট হয় এবং সামর্থ্য অনুযায়ী সংশোধন ও পরিবর্তের চেষ্টা করে, কিংবা কমপক্ষে অন্তরে এর বিরুদ্ধে অনুভূতি রাখে, যদিও তাদের অসন্তুষ্টি ও চেষ্টার কোন প্রভাব পড়েনি, আর গুনাহ্ ধারাবাহিকতা এভাবেই চালু থাকে, তাদের কোন জিজ্ঞাসা করা হবে না। (বরং তারা ইন্শাআল্লাহ্ অপরাগ হবে) আর যেসব লোক শরী'আতের পরিপন্থী কাজে অসন্তুষ্ট নয়, তারা যদিও গুনাহর স্থান হতে দূরে থাকে তবু তারা অপরাধী হবে এবং গুনাহে শরীক মনে করা হবে। আল্লাহ্ তা'আলা তাওফীক দিন যেন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এসব বাণীসমূহের আলোকে আমরা নিজেদের হিসাব নিতে পারি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)