মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৪০
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না, যতক্ষণ পর্যন্ত না ধন-সম্পদের প্রাচুর্য হইবে এবং (পানির মত) উহা প্রবাহিত হইতে থাকিবে। এমন কি লোকেরা নিজেদের মালের যাকাত বাহির করিবে বটে, কিন্তু উহা গ্রহণ করার মত কোন লোক পাইবে না। তিনি আরও বলিয়াছেন; কিয়ামতের পূর্বে আরব ভূমি সুজলা বাগ-বাগিচা ও প্রবাহিত নদ-নদীতে পরিবর্তিত হইয়া যাইবে। -মুসলিম। মুসলিমের অপর এক বর্ণনায় আছে— মদীনার জনবসতি তথা দালান -কোঠা 'এহাব' অথবা (বলিয়াছেন) 'ইয়াহাব' নামক স্থান পর্যন্ত পৌঁছিয়া যাইবে।
كتاب الفتن
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْمَالُ وَيَفِيضَ حَتَّى يُخْرِجَ الرَّجُلُ زَكَاةَ مَالِهِ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهَا مِنْهُ وَحَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا» رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَة: قَالَ: «تبلغ المساكن إهَاب أَو يهاب»

হাদীসের ব্যাখ্যা:

বিগত অর্ধ শতাব্দীর মধ্যে আরব দেশগুলোতে পেট্রোল আবিষ্কারের পর উন্নয়নের বিপ্লব এসেছে। সমতল মাঠ ও মরুভূমিকে কৃষি ক্ষেত্র ও বাগ-বাগিচায় রুপান্তর করতে এবং খাল খননের যে বাস্তব চেষ্টা চলছে নিংসন্দেহে এটা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর বাস্তব প্রকাশ। যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলেছিলেন, তখন এ জাতীয় বিষয় কল্পনাও করা যেত না। অথচ আল্লাহ্ তা'আলা তাঁর ওপর প্রতিভাত করেছিলেন যে, এক সময় এরূপ বিপ্লব সাধিত হবে। তাই তিনি উম্মতকে এই সংবাদ দিয়েছিলেন। সাহাবা কিরাম কেবল শুনেছিলেন। আর আমাদের যুগে দৃষ্টিগোচর হচ্ছে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ জাতীয় সংবাদ তাঁর মু'জিযা ও তাঁর নবুওতের দলীলস্বরূপ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান