মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৭৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭৬। হযরত মুররাহ ইবনে কা'ব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে একদা ফেতনা সম্পর্কে আলোচনা করিতে শুনিয়াছি। আর উহা যে অতি নিকটবর্তী তিনি তাহাও বর্ণনা করিয়াছেন। (তিনি এই বিষয়ে কথাবার্তা বলিতেছিলেন—) এমন সময় এক ব্যক্তি মাথার উপর কাপড় ঢালিয়া সেই পথে যাইতেছিলেন। তখন তিনি সেই ব্যক্তির দিকে ইংগিত করিয়া বলিলেন, ঐ যে লোকটি যাইতেছে, সে ঐ ফেতনার দিনে সঠিক পথের উপর থাকিবে। (বর্ণনাকারী মুররাহ বলেন,) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথা শুনিয়া আমি লোকটির দিকে গেলাম। দেখিলাম, তিনি হযরত ওসমান ইবনে আফ্ফান। অতঃপর আমি ওসমানের চেহারাখানি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দিকে ফিরাইয়া বলিলাম, ইনিই কি তিনি? তিনি বলিলেন, হ্যাঁ। —তিরমিযী ও ইবনে মাজাহ্ এবং তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও সহীহ।
كتاب المناقب
وَعَن مرّة بن كَعْب قَالَ: سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذكر الْفِتَن فقر بهَا فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ فِي ثَوْبٍ فَقَالَ: «هَذَا يَوْمئِذٍ على هدى» فَقُمْتُ إِلَيْهِ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ. قَالَ: فَأَقْبَلْتُ عَلَيْهِ بِوَجْهِهِ. فَقُلْتُ: هَذَا؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن صَحِيح

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির কোন ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এর মর্ম সম্পূর্ণ স্পষ্ট যে, হুযূর (ﷺ) আল্লাহ প্রদত্ত সংবাদের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী হিসাবে হযরত উসমান রাযি.-এর ব্যাপারে নিজের এ ভাষণে ঘোষণা করেছেন যে, আমার পর নিকটবর্তী সময়ে যেসব ফেতনা উম্মতের উপর আসবে, এগুলোতে হযরত উসমান ইবনে আফফান রাযি. হেদায়াত ও সঠিক পথের উপর থাকবে। এ কথা সুবিদিত যে, হুযুর (ﷺ)-এর পর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ও সর্বপ্রথম ফেতনা স্বয়ং হযরত উসমান রাযি.-এর বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠা ফেতনা ছিল, যাতে তিনি অত্যন্ত নির্দয় ও নির্মমভাবে শহীদ হন।

রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী সমূহের আলোকেই আহলে সুন্নতের আকীদা এই যে, ফেতনার যুগে হযরত উসমান রাযি. সত্য ও হেদায়াতের উপর ছিলেন এবং তাঁর বিরুদ্ধবাদীরা যারা ফেতনা খাড়া করেছিল- গোমরাহ ও পথভ্রষ্ট ছিল।
نعُوذ بالله تعالى من الشرور والفتن ما ظهر منها وما بطن
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান