আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ৫৫৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১৬. জানাযা সংক্রান্ত বিবিধ আহকাম
রেওয়ায়ত ৫১. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত- রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক ব্যক্তি কোন সময় নেকী করে নাই, তাহার পরিজনকে বলিলঃ সে মারা গেলে তাহাকে যেন জ্বালাইয়া ফেলে, অতঃপর উহার অর্ধেক শুকনায় ছড়াইয়া দেয়, আর অর্ধেক সাগরে ছিটাইয়া দেয়। আল্লাহর কসম, যদি আল্লাহ তাহার জন্য শাস্তি নির্ধারণ করেন তবে তাহাকে এইরূপ শাস্তি দিবেন জগদ্বাসীদের কাহাকেও সেইরূপ শাস্তি তিনি দিবেন না। সেই ব্যক্তির যখন মৃত্যু হইল, তাহার পরিজন তাহার নির্দেশানুযায়ী কাজ করিল।

অতঃপর আল্লাহ্ তাআলা শুষ্ক ভূমিকে হুকুম করিলেন, সেই ব্যক্তির অংশসমূহকে যাহা তাহার মধ্যে ছিল একত্র করিয়া দিতে, আর সাগরকে হুকুম দিলেন, যাহা তোমার মধ্যে ছিল একত্র করিয়া দিতে। ভূমি সেই ব্যক্তির অংশকে একত্র করিয়া দিল, সাগরও উহাকে একত্র করিয়া দিল। তারপর আল্লাহ বলিলেনঃ তুমি এই কাজ কেন করিলে? সে বলিলঃ আপনার ভয়ে, হে প্ৰভু! আর আপনি অধিক জ্ঞাত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ অতঃপর তাহাকে ক্ষমা করিয়া দেওয়া হইল।
كتاب الجنائز
بَاب جَامِعِ الْجَنَائِزِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ رَجُلٌ لَمْ يَعْمَلْ حَسَنَةً قَطُّ لِأَهْلِهِ إِذَا مَاتَ فَحَرِّقُوهُ ثُمَّ أَذْرُوا نِصْفَهُ فِي الْبَرِّ وَنِصْفَهُ فِي الْبَحْرِ فَوَاللَّهِ لَئِنْ قَدَرَ اللَّهُ عَلَيْهِ لَيُعَذِّبَنَّهُ عَذَابًا لَا يُعَذِّبُهُ أَحَدًا مِنْ الْعَالَمِينَ فَلَمَّا مَاتَ الرَّجُلُ فَعَلُوا مَا أَمَرَهُمْ بِهِ فَأَمَرَ اللَّهُ الْبَرَّ فَجَمَعَ مَا فِيهِ وَأَمَرَ الْبَحْرَ فَجَمَعَ مَا فِيهِ ثُمَّ قَالَ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ مِنْ خَشْيَتِكَ يَا رَبِّ وَأَنْتَ أَعْلَمُ قَالَ فَغَفَرَ لَهُ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হাদীসে বর্ণিত ব্যক্তির সঠিক তরীকা জানা ছিল না। আল্লাহর নাফরমানী করার পর তার মনে ভীতির সঞ্চার হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মন্দ পদক্ষেপ গ্রহণ করে। মৃতদেহকে পোড়ান এবং সে ভস্ম জলে-স্থলে ছড়িয়ে দেয়া খুবই অন্যায় ও অবৈধ কাজ। কিন্তু উক্ত ব্যক্তি আল্লাহর ভয়ে এবং তা থেকে বাঁচার জন্য এরূপ কাজ করেছিল। তাই আল্লাহ তা'আলা লোকটির মৃত্যুকালীন মূর্খতা এবং পূর্ববর্তী অপরাধ মাফ করে দিয়েছিলেন। এ হাদীস থেকে জানা গেল যে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত ও অপমানিত করবেন না। আল্লাহ তাঁর বান্দার মনের অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিফহাল। তাই তিনি কোন ব্যক্তিকে শাস্তিদান করলে বুঝতে হবে যে, তিনি তার উপর বিন্দুমাত্র যুলম করেননি এবং পুরোপুরি ইনসাফ করেছেন। কোন অপরাধীকে মাফ করে দিলে বুঝতে হবে যে, তিনি তার প্রতি দয়া প্রদর্শন করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)