শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৬০
রোযার অধ্যায়
আরাফা দিবসে সিয়াম পালন
৩২৬০। আবু বাকরা (রাহঃ)..... আবু কাতাদা আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আরাফা দিনের সিয়াম পালন সম্পর্কে রাসূলুল্লাহ্ (ﷺ) কে প্রশ্ন করা হলে তিনি বললেন : এর মাধ্যমে পূর্ববর্তী বছর এবং পরবর্তী
বছরের (গুনাহসমূহের) কাফ্ফারা (মাফ) করে দিবেন।
كتاب الصيام
3260 - مَا قَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: سَمِعْتُ غَيْلَانَ بْنَ جَرِيرٍ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ: «يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ»

হাদীসের ব্যাখ্যা:

আরাফার দিনের রোযার এ ফযীলত ও উৎসাহ দান ঐসব হাজীদের জন্য নয়, যারা হজ্ব পালনের জন্য আরাফার ময়দানে সমবেত হয়ে থাকেন; বরং তাদের জন্য সেখানে রোযা না রাখা উত্তম।

শিক্ষাঃ কোন কোন মানুষ ঐসব হাদীসে সন্দেহ করতে শুরু করে, যেগুলোর মধ্যে কোন আমলের সওয়াব ও প্রতিদান তাদের ধারণার চাইতে খুববেশী ও অসাধারণ বর্ণনা করা হয়েছে। যেমন, এ হাদীসে আরাফার দিনের রোযা সম্পর্কে বলা হয়েছে, "এর বরকতে পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার আশা রয়েছে।" এ ধরনের সন্দেহের ভিত্তি হচ্ছে মহান দয়াময়ের দয়া ও অনুগ্রহের ব্যাপকতা ও বিস্তৃতি সম্পর্কে তাদের অজ্ঞতা। আল্লাহ তা'আলা পরম দয়াময় ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি যে দিনের যে আমলের যত মূল্য নির্ধারণ করতে চান, তাই করতে পারেন। বছরের একটি রাত লাইলাতুল কদরকে তিনি হাজার মাস অর্থাৎ, প্রায় ত্রিশ হাজার দিন ও রাতের চেয়ে উত্তম সাব্যস্ত করেছেন। এটা হচ্ছে তাঁর অপার অনুগ্রহ। সারকথা, হাদীস যদি সহীহ হয়, তাহলে এ ধরনের সংশয় মু'মিনের অন্তরে না আসা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)