আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২০
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
জীবিত ব্যক্তির ক্রন্দনে মৃত ব্যক্তিকে কি সাজা দেয়া হয়?
৩২০। আমরাহ্ বিনতে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি নবী ﷺ -এর স্ত্রী আয়েশা (রাযিঃ)-র কাছে শুনেছেন, যখন তার কাছে বলা হলো যে, ইবনে উমার (রাযিঃ) বলে থাকেন, “জীবিতদের কান্নাকাটির দরুন মৃত ব্যক্তিকে শাস্তি দেয়া হয়”। একথা শুনে আয়েশা (রাযিঃ) বলেন, ইবনে উমারকে আল্লাহ ক্ষমা করুন। তিনি (রাসূলুল্লাহর নামে) মিথ্যা কথা বলছেন না, বরং তিনি (তাঁর কথা) ভুলে গেছেন অথবা (তাঁর কথা) ভুল বুঝেছেন। আসল ঘটনা এই যে, রাসূলুল্লাহ ﷺ একটি জানাযার (লাশের) সামনে দিয়ে যাচ্ছিলেন, যার জন্য কান্নাকাটি করা হচ্ছিল । তখন তিনি বলেনঃ এরা তো তার জন্য কান্নাকাটি করছে অথচ তার কবরে তাকে শাস্তি দেয়া হচ্ছে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এবং ইমাম আবু হানীফা (রাহঃ) হযরত আয়েশা (রাযিঃ)-র মত গ্রহণ করেছি।
أبواب الجنائز
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ: أَنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ، فَقَالَتْ عَائِشَةُ: يَغْفِرُ اللَّهُ لابْنِ عُمَرَ، أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ، وَلَكِنَّهُ قَدْ نَسِيَ، أَوْ أَخْطَأَ، إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جِنَازَةٍ يُبْكَى عَلَيْهَا، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** বুখারী শরীফের বর্ণনায় আছে যে, তা এক ইহুদী নারীর লাশ ছিল। হযরত আয়েশা (রা) তার মতের সমর্থনে নিম্নোক্ত আয়াত পেশ করেন, “কোন ভার বহনকারীই অপর কারো বোঝা বহন করে না” (আনআম ১৬৪, ইসরা ১৫, ফাতির ১৮, যুমার ৭, নাজম ৩৮)। তবে যে ব্যক্তি মৃত্যুর সময় কান্নাকাটি করার ওসিয়াত করে যায়, তাকে এই নাজায়েয ওসিয়াতের কারণে শাস্তি দেয়া হয়। এ ব্যাপারে বিশেষজ্ঞ আলেমগণ একমত। অন্যথায় আত্মীয়-স্বজনের কান্নাকাটির জন্য মৃত ব্যক্তি দায়ী নয় (অনুবাদক)।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)