আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৬২
- হজ্ব - উমরার অধ্যায়
মাথা মুড়ানোর ফযীলাত এবং চুল যতোটুকু খাটো করলে যথেষ্ট হবে।
৪৬২। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “হে আল্লাহ! মাথা মুণ্ডনকৃতদের প্রতি অনুগ্রহ করো। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! চুল খাটোকৃতদের উপরও। তিনি বলেন, “হে আল্লাহ! মাথা মুণ্ডনকৃতদের উপর দয়া করো।” সহাবাগণ আবার বললেন, হে আল্লাহর রাসূল! চুল খাটোকৃতদের উপরও। তিনি বলেন, “হে আল্লাহ! মাথা মুণ্ডনকৃতদের উপর রহম করো।” সাহাবাগণ আবার বললেন, হে আল্লাহর রাসূল! চুল খাটোকৃতদের উপরও । তিনি বলেনঃ “চুল খাটোকৃতদের উপরও।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। যে ব্যক্তি চুল খোঁপার মতো জড়িয়ে রাখে সে মাথা ন্যাড়া করবে। আর চুল খাটো করার চেয়ে তা মুড়িয়ে ফেলা উত্তম। চুল খাটো করলেও যথেষ্ট। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» ، قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» ، قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ» ، قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «وَالْمُقَصِّرِينَ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ ضَفَّرَ فَلْيَحْلِقْ، وَالْحَلْقُ أَفْضَلُ مِنَ التَّقْصِيرِ، وَالتَّقْصِيرُ يُجْزِئُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

হাদীসের ব্যাখ্যা:

অভ্যাস অথবা প্রয়োজন হিসাবে মাথা মুন্ডন করা অথবা ছেঁটে নেওয়া কোন ইবাদত নয়; কিন্তু হজ্ব ও উমরার মধ্যে যে মাথা মুন্ডন অথবা চুল ছেঁটে নেওয়া হয়, এর মাধ্যমে বান্দার পক্ষ থেকে তার গোলামী ও দীনতা-হীনতার প্রকাশ ঘটে; এজন্য এটা বিশেষ ইবাদত, আর এ নিয়তেই মাথা মুন্ডন অথবা চুল ছাঁটা চাই। আর যেহেতু গোলামীর ও বিনয়ের প্রকাশ মাথা মুন্ডনের দ্বারা বেশী প্রকাশ পায়, এজন্য এটাই উত্তম। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) রহমতের দু‘আর মধ্যে এটাকেই প্রাধান্য দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)