আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৫৮
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
কোন ব্যক্তি গোশত খরিদ করলো, কিন্তু তা যবেহ করা হয়েছে কিনা তা তার জানা নাই ।
৬৫৮ । হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! গ্রামাঞ্চলের লোকেরা আমাদের কাছে গোশত নিয়ে আসে — অথচ আমাদের জানা নেই যে, তারা যবেহ করার সময় আল্লাহর নাম নিয়েছে কিনা? রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তোমরা তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো, অতঃপর তা খাও।” রাবী বলেন, এটা ইসলামের প্রাথমিক পর্যায়ের ঘটনা।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফারও এই মত। তবে শর্ত হচ্ছে, এই গোশত বিক্রয়কারীকে মুসলমান অথবা আহলে কিতাব (ইহুদী-খৃস্টান) হতে হবে। যদি কোন অগ্নিউপাসক (মজূসী) এই গোশত নিয়ে আসে এবং বলে যে, তা কোন মুসলমান অথবা আহলে কিতাব যবেহ করেছে – তবে তার কথা বিশ্বাসও করা যাবে না এবং তার কথার উপর ভিত্তি করে তা খাওয়াও যাবে না।
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: الرَّجُلِ يَشْتَرِي اللَّحْمَ فَلا يَدْرِي أَذَكِيٌّ هُوَ أَمْ غَيْرُ ذَكِيٍّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ نَاسًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ " يَأْتُونَ بِلُحْمَانٍ، فَلا نَدْرِي هَلْ سَمَّوْا عَلَيْهَا أَمْ لا؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: سَمُّوا اللَّهَ عَلَيْهَا، ثُمَّ كُلُوهَا "، قَالَ: وَذَلِكَ فِي أَوَّلِ الإِسْلامِ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ إِذَا كَانَ الَّذِي يَأْتِي بِهَا مُسْلِمًا، أَوْ مِنْ أَهْلِ الْكِتَابِ، فَإِنْ أَتَى بِذَلِكَ مَجُوسِيٌّ، وَذَكَرَ أَنَّ مُسْلِمًا ذَبَحَهُ، أَوْ رَجُلا مِنْ أَهْلِ الْكِتَابِ لَمْ يُصَدَّقْ، وَلَمْ يُؤْكَلْ بِقَوْلِهِ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, অহেতুক সন্দেহে পড়তে নেই। যখন তারা মুসলমান হয়ে গিয়েছে, তখন বুঝা চাই যে, তারা আল্লাহর নাম নিয়েই যবেহ করে থাকে। এজন্য তোমরা আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। এর অর্থ কখনো এই নয় যে, যদি তারা আল্লাহর নাম না নিয়েই কাফেরদের পদ্ধতিতে যবেহ করে থাকে, তাহলে তোমাদের বিসমিল্লাহ পড়াতে এখন এটা হালাল হয়ে যাবে। কুরআন পাকে স্পষ্টভাবে বলা হয়েছে: وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ অর্থাৎ যে পশু যবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি এটা খেয়ো না। কেননা, এটা খাওয়া কঠিন গুনাহ। (সূরা আনআম)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান