ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং:
- সামগ্রিক মূলনীতিসমূহ
খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত
(৮) ইবন জুমহান নামক তাবিয়ি সাহাবি সাফীনাহ রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে খিলাফত ৩০ বছর স্থায়ী হবে। এরপর রাজত্ব। ইবন জুমহান বলেন, এরপর সাফীনাহ রা. আমাকে বলেন, তুমি আবু বাকর রা.র খিলাফত, উমার রা.র খিলাফত, উসমান রা.র খিলাফত ধরো (হিসাব করো); এরপর বলেন, তুমি আলী রা.র খিলাফত ধরো (হিসাব করো)। ইবন জুমহান বলেন, আমরা হিসাব করে দেখলাম, তাদের খিলাফত কাল ৩০ বছর। (তিরমিযি । তিনি হাদীটিকে হাসান বলেছেন। ইমাম আহমাদ হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)।
كتاب الجامع
عن ابن جمهان عن سفينة رضي الله عنه مرفوعا: الخلافة في أمتي ثلاثون سنة ثم ملك بعد ذلك. قال ابن جمهان: ثم قال لي سفينة أمسك خلافة أبي بكر ثم قال وخلافة عمر وخلافة عثمان ثم قال لي أمسك خلافة
علي قال ابن جمهان: فوجدناها ثلاثين سنة

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান তিরমিযি, হাদীস নং-২২২৬; মুসনাদ আহমাদ, হাদীস-২১৯২৮]

হাদীসের ব্যাখ্যা:

হযরত সাফীনা (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুক্তদাস। তিনি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বাণী উদ্ধৃত করেছেন তার অর্থ এই যে, খিলাফত অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে আমার পদ্ধতিতে ও আল্লাহ্ তা'আলার পসন্দনীয় পদ্ধতির ওপর আমার প্রতিনিধিরূপে দীনের দাওআত ও খিদমত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কাজ (যার সংক্ষিপ্ত পরিচিতি শিরোনাম 'খিলাফতে রাশিদা') কেবল তিরিশ বছর চলবে। এরপর রাষ্ট্র বাদশাহীতে পরিবর্তীত হয়ে যাবে। আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি এ সত্য প্রতিভাত করে ছিলেন। বিভিন্ন সময়ে তিনি এটা প্রকাশ করেছেন। বিভিন্ন সাহাবা কিরাম থেকে এ ধারাবাহিকতায় তাঁর বাণীসমূহ বর্ণিত হয়েছে। হযরত সাফীনা (রা) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ বাণী উদ্ধৃত করার সাথে এর হিসাবও বলে দিয়েছেন।

তবে এটাকে মোটামুটি হিসাব বুঝা চাই। প্রকৃত হিসাব হচ্ছে-হযরত সিদ্দীক আকবর (রা)-এর খিলাফতকাল দু'বছর চার মাস। এরপর হযরত উমর ফারুক আযম (রা)-এর খিলাফতকাল দশ বছর ছয় মাস। এরপর হযরত যুন্নুরাইন (রা)-এর খিলাফতকাল কয়েক দিন কম বার বছর। তারপর হযরত আলী মুরতাযা (রা)-এর খিলাফতকাল চার বছর নয় মাস। এর যোগফল ঊনত্রিশ বছর সাত মাস। এর সাথে হযরত হাসান (রা)-এর খিলাফত কাল পাঁচ মাস যোগ করলে পূর্ণ তিরিশ বছর হয়। এই তিরিশ বছরই খিলাফতে রাশিদা। এরপর যেরূপ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাষ্ট্রীয় পদ্ধতি বাদশাহীতে পরিবর্তিত হয়ে যায়। রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ জাতীয় ভবিষ্যতবাণীসমূহ তাঁর নবুওতের প্রকাশ্য প্রমাণও বহন করে। আর এতে উম্মতকে জ্ঞাত করাও উদ্দেশ্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান