ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৬
নামাযের অধ্যায়
কাতার প্রতিষ্ঠিত করা, সোজা করা এবং সোজা করার পদ্ধতি
(৬৩৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাতারগুলো সোজা করবে; কারণ কাতারগুলো সোজা করা সালাত প্রতিষ্ঠার অংশ।
كتاب الصلاة
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: سووا صفوفكم فإن تسوية الصفوف من إقامة الصلاة. (من تمام الصلاة)، (أتموا الصفوف).
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি। মুসলিমের বর্ণনায়: কাতারগুলো সোজা করা সালাতের পূর্ণতার অংশ। মুসলিমের অন্য বর্ণনায়: তোমরা কাতারগুলো পূর্ণ করবে)। [সহীহ বুখারি, হাদীস-৭২৩; সহীহ মুসলিম, হাদীস-৪৩৩, ৪৩৪; সুনান আবু দাউদ, হাদীস-৬৬৮; সুনান ইবন মাজাহ, হাদীস-৯৯৩]
হাদীসের ব্যাখ্যা:
ইকামাতে সালাত, যে বিষয়ে কুরআন মাজীদের বিভিন্ন স্থানে বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে এবং যা মুসলমানদের উপর অন্যতম ফরয, এর পূর্ণতা বিধানের জন্য যে সকল শর্তারোপ করা হয়েছে তন্মধ্যে জামা'আতে দাঁড়ানোর সময় কাতার সোজা ও সমান করার বিষয়টি অন্যতম। সুনানে আবূ দাউদ ও অন্যান্য হাদীস গ্রন্থে হযরত আনাস (রা) এর সূত্রেই বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ যখন সালাতের ইমামতি করার জন্য দাঁড়াতেন তখন প্রথমে ডানদিকে ফিরে বলতেন: তোমরা কাতার সোজা ও সমান করে দাঁড়াও। অনুরূপ বামদিকে ফিরে বলতেন: তোমরা কাতার সোজা ও সমান করে নাও। এই হাদীস এবং অন্যান্য হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ বিশেষ করে সালাতে দাঁড়ানোর সময় প্রায়ই এ বিষয়ে তাকিদ দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)