ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮২৪
নামাযের অধ্যায়
এক রাকআত বিতর
(৮২৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা. জানতে পারেন যে সা'দ ইবন আবী ওয়াক্কাস রা. এক রাকআত বিতর আদায় করেন। তিনি বলেন, এক রাকআত কখনো যথেষ্ট হবে না (বিতর আদায় হবে না) ।
كتاب الصلاة
عن إبراهيم قال: بلغ ابن مسعود رضي الله عنه أن سعداً يوتر بركعة فقال: ما أجزأت ركعة قط

হাদীসের তাখরীজ (সূত্র):

আরো অনেক সাহাবি ও তাবিয়ি তিন রাকআত বিতর আদায় করতেন বলে বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে। আব্দুর রাহমান ইবন আবযার হাদীস সঙ্কলিত করেছেন নাসায়ি ও তাহাবি সহীহ সনদে। উবাই ইবন কা'বের হাদীস সঙ্কলিত করেছেন নাসায়ি সহীহ সনদে। উমার রা.র হাদীস সঙ্কলিত করেছেন তাহাবি সহীহ সনদে। তাহাবি সহীহ সনদে তাবিয়ি আবুল আলিয়াহ থেকে সঙ্কলিত করেছেন যে, তিন রাকআত বিতর আদায় করতেন। তাহাবি হাসান সনদে সঙ্কলিত করেছেন যে, মদীনার সাত তাবিয়ি ফকীহ ঐকমত্য পোষণ করেছেন যেঃ أن الوتر ثلاث لا يسلم إلا في آخرهن ‘বিতর তিন রাকআত।তিন রাকআত শেষ করার আগে সালাম বলা যাবে না'। তাহাবি সহীহ সনদে সঙ্কলিত করেছেন যে: أثبت عمر بن عبد العزيز الوتر بالمدينة يقول الفقهاء ثلاثا لا يسلم إلا في آخرهن ‘তাবিয়ি খলীফায়ে রাশিদ উমার ইবন আব্দুল আযীয মদীনার সাত তাবিয়ি ফকীহর মতানুসারে মদীনায় বিধিবদ্ধ করেন যে, সালাতুল বিতর তিন রাকআত। তিন রাকআতের শেষে ছাড়া সালাম বলবে না'। [সুনান নাসায়ি, হাদীস ১৬৯৯-১৭০১ ও ১৭৩২-১৭৩৬; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস ১৭৪১-১৭৪৩, ১৭৫৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান