ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০০
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাফনের বিষয়ে বেশী দামি কাফন প্রদানের প্রতিযোগিতা করবে না। কারণ অল্প সময়ের মধ্যেই মৃতের নিকট থেকে তার কাফন ছিনিয়ে নেওয়া হবে।
كتاب الصلاة
عن علي رضي الله عنه مرفوعا: لا تغالوا في الكفن فإنه يسلبه سلبا سريعا

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-৩১৫৪]

হাদীসের ব্যাখ্যা:

সামর্থ্য থাকা সত্ত্বেও যেমন মৃতকে পুরাতন কাপড় দিয়ে কাফন পরানো উচিত নয় তেমনি বেশী দামী কাপড়ও কাফনরূপে ব্যবহার করা সমীচীন নয়। পুরুষের জন্য তিন এবং মহিলাদের জন্য পাঁচ মধ্যম মূল্যমানের কাপড় দ্বারা কাফন পরানো উচিত। তবে এ নিয়ম কেবল তখনই কার্যকর হবে যখন মৃতের পরিবারের লোকদের সামর্থ্য থাকবে। অন্যথায় অসমর্থ অবস্থায় একটি পুরাতন কাপড় দিয়েও কাফন পরানো যেতে পারে এবং এতে দোষেরও কিছু নেই।

উহুদ যুদ্ধে শহীদ নবী কারীম ﷺ-এর আপন চাচা হযরত হামযা (রা.)-এবং মুস'আব ইবনে উমায়র (রা.) কে এমন একটি করে কাপড় দিয়ে কাফন পরানো হয়েছিল যে, তা যদি মাথার দিকে টেনে দেওয়া হতো, তবে পা বেরিয়ে যেত আবার পায়ের দিকে টান দিলে মাথা বের হয়ে যেত। তারপর রাসূলুল্লাহ ﷺ এর নির্দেশক্রমে চাদর দ্বারা তাঁদের মাথা আবৃত করা হয় এবং ইযখির ঘাস দ্বারা পা ঢেকে দেওয়া হয় এবং এরূপ কাফন পরানোর পর তাঁদের দাফন করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান