ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৯১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
ইকালা, অর্থাৎ ক্রেতাবিক্রেতার মধ্যকার চুক্তি বাতিল করা
(২০৯১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কোনো মুসলিমের (চুক্তির পরে ক্রেতা বা বিক্রেতার) চুক্তি বাতিলের আবেদন মঞ্জুর করে তবে আল্লাহও (কিয়ামতের দিন) তার ভুলভ্রান্তি-অপরাধ বাতিল বা ক্ষমা করবেন।
كتاب البيوع
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من أقال مسلما أقاله الله عثرته
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ, ইবন মাজাহ, ইবন হিব্বান ও হাকিম । হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন মাজাহর বর্ণনায় 'কিয়ামতের দিন' কথাটি অতিরিক্ত রয়েছে) । [সুনান আবু দাউদ, হাদীস-৩৪৬০; সুনান ইবন মাজাহ, হাদীস-২১৯৯; সহীহ ইবন হিব্বান, হাদীস-৫০৩০; মুস্তাদরাক হাকিম, হাদীস-২২৯১; মুসনাদ আহমাদ, হাদীস-৭৪৩১; মুসনাদ বাযযার, হাদীস-৯১৩০]
হাদীসের ব্যাখ্যা:
কোন জিনিস বিক্রি করে অথবা ক্রয় করে মানুষ ফেরত প্রদান বা ফেরত গ্রহণ তখনই চায় যখন অনুভব করে যে, আমার থেকে ত্রুটি হয়েছে, আর এ বিষয়ে আমি লোকসানে পড়েছি এবং অন্য পক্ষ লাভে রয়েছে। এ অবস্থায় দ্বিতীয় পক্ষ বিষয়টি বাতিল করে ফেরত গ্রহণে সম্মত হওয়া নিঃসন্দেহে ইসার বা অন্যকে প্রাধান্য দেওয়া হবে। রাসূলুল্লাহ ﷺ তাঁর বাণীতে এ প্রাধান্য প্রদানেই উৎসাহিত করেছেন। এরূপ প্রাধান্য প্রদানকারীকে সুসংবাদ শুনিয়েছেন যে, আল্লাহ তা'আলা এর বিনিময়ে তার ত্রুটি আর গুনাহসমূহ ক্ষমা করবেন। নিঃসন্দেহে এটা বিরাট ফলপ্রসূ ব্যাপার।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)