ফিকহুস সুনান ওয়াল আসার

২১. প্রতিনিধিত্ব করা

হাদীস নং: ২১৩৫
প্রতিনিধিত্ব করা
ক্রয়ের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৫) উরওয়া বারিকি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে একটি দীনার প্রদান করেন একটি ছাগি ক্রয় করার জন্য । তিনি দীনারটি দিয়ে তাঁর জন্য দুটি ছাগি ক্রয় করেন। অতঃপর তিনি একটি ছাগি এক দীনারে বিক্রয় করেন এবং একটি ছাগি ও একটি দীনার নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন । তখন তিনি তার বেচাকেনায় বরকতের জন্য দুআ করেন।
كتاب الوكالة
عن عروة البارقي رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم أعطاه دينارا يشتري له به شاة فاشترى له به شاتين فباع إحداهما بدينار وجاءه بدينار وشاة فدعا له بالبركة في بيعه

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি, আবু দাউদ ও তিরিমিযি । আবু দাউদ ও তিরমিযি হাকীম ইবন হিযাম থেকেও অনুরূপ হাদীস সঙ্কলন করেছেন)। [সহীহ বুখারি, হাদীস-৩৬৪২; সুনান আবু দাউদ, হাদীস-৩৩৮৪, ৩৩৮৬; সুনান তিরিমিযি, হাদীস-১২৫৭, ১২৫৮]

হাদীসের ব্যাখ্যা:

উরওয়া ইব্‌ন আবুল জা'আদ আল বারিকী রাযি. বকরির এই ক্রয়-বিক্রয় রাসুলুল্লাহ ﷺ-এর পক্ষ হতে প্রতিনিধি হিসাবে করেছিলেন। এতে জানা গেল যে, এরূপ কাজ বৈধ। যেহেতু পূর্বে ক্রয়কৃত দুই বকরি থেকে একটি হজুর ﷺ-এর অনুমতি ছাড়া বিক্রি করে ছিলেন, আর হজুর ﷺ তাঁর এ কাজকে ভুল ও শরীয়তের পরিপন্থী সাব্যস্ত করেন নি, বরং তাঁকে উৎসাহিত করেন ও দু'আ দিয়েছেন। সুতরাং এ থেকে এটা জানা গেল যে, প্রতিনিধি তার নিয়োগকর্তার জিনিস তার অনুমতি ছাড়াও বিক্রি করতে পারে। আর যদি নিয়োগকর্তা তা গ্রহণ করে নেয় তবে ক্রয়-বিক্রয় বৈধ ও চালু হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)