ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৭৭
জবাইয়ের নিয়মাবলি
মলভুক প্রাণি ভক্ষণ করা ও তার দুধ পান করা
(২২৭৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মলভুক প্রাণি ভক্ষণ করতে এবং তার দুধ পান করতে নিষেধ করেছেন।
كتاب الذبائح
عن ابن عمر رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل الجلالة وألبانها.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৭৮৫; সুনান তিরমিযি, হাদীস-১৮২৪; মুস্তাদরাক হাকিম, হাদীস- ২২৪৮]
হাদীসের ব্যাখ্যা:
কখনো কখনো কোন কোন পশু উট, গরু, বকরী ইত্যাদির স্বভাব এমন নষ্ট হয়ে যায় যে, এগুলো কেবল নাপাক ও অপবিত্র বস্তুই খায়। এমনকি এগুলোর গোশত ও দুধে এর দুর্গন্ধ অনুভূত হতে থাকে। এমন পশুকেই جلاله নাপাকভোজী বলা হয়। এ হাদীসে এমন পশুর গোশত ও দুধ খেতে নিষেধ করা হয়েছে। কোন মুরগীর অবস্থা যদি এমন হয়, তাহলে এর বিধানও তাই। হ্যাঁ, যদি এ পশুকে এতদিন পর্যন্ত বেঁধে রেখে ও নিয়ন্ত্রণে রেখে অপবিত্র বস্তু খাওয়া থেকে ফিরিয়ে রাখা হয় যে, তার গোশত ও দুধে এর কোন প্রভাব অবশিষ্ট থাকে না, তাহলে এর গোশত খাওয়া ও দুধ পান করা জায়েয হবে। এখন আর এটাকে جلاله এর গোশত ও দুধ বলা হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)