ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৬৪
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬৪) সামুরা ইবন জুনদুব রা. (অথবা আলী রা.**) থেকে (২৫৬৪) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব দেওয়া হল । কাজেই যদি কারো কাছে পরামর্শ চাওয়া হয় তবে বিষয়টি তার নিজের হলে সে যা করত তা করতে যেন সে পরামর্শ দেয়।
كتاب الإحسان
عن سمرة (أو علي) رضي الله عنهما مرفوعا: المستشار مؤتمن فإذا استُشير فليشر بما هو صانع لنفسه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাবারানি হাসান সনদে)। [তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-২১৯৫]

** [গ্রন্থকার হাদীসটি সামুরা ইবন জুনদুব রা.র সূত্রে উল্লেখ করেছেন। 'অথবা আলী' অনুবাদকের সংযোজন । আমরাও বর্ণনাটি আলী রা.র সূত্রেই পেয়েছি। সামুরা ইবন জুনদুব রা.র বর্ণনাটি হচ্ছে: المستشار مؤتمن إن شاء أشار وان شاء لم يشر(যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব দেওয়া হল। সে ইচ্ছা করলে দিকনির্দেশনা দেবে, আর ইচ্ছা করলে দেবে না)। আলবানি বলেন, এই বর্ণনাটি যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১৩১৬২; মুল্লা আলী, মিরকাতুল মাফাতীহ ৮/৩১৬৬; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ১০/২০৬-২০৭। -সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:

আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে মানুষকে পরামর্শদাতার সম্মানিত আসন দান করা হয়। যে ব্যক্তিকে পরামর্শদাতা হিসেবে নির্বাচিত বা গ্রহণ করা হয়, তার যিম্মাদারী অত্যাধিক। খুব সুচিন্তিতভাবে রায় দিতে হবে। রায়দানকালে নিজের লাভ-লোকসানের দিকে মোটেই খেয়াল করা উচিত হবে না। নিজের প্রভাব-প্রতিপত্তি বা মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলেও সত্য ও সঠিক পরামর্শ দিতে হবে। কোনরূপ বাহানা বা অজুহাতের দোহাই দিয়ে সঠিক রায় গোপন রাখা যাবে না। পরামর্শ গ্রহণকারীর বিষয়ের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা পরামর্শদাতার কর্তব্য। বিষয়ের গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করা অনুচিত। পরামর্শ গ্রহণকারী কর্তৃক প্রদত্ত তথ্য নিজের ফায়দার জন্য ব্যবহার করা অনুচিত। পরামর্শের নিয়ম-নীতি লংঘন করা এক ধরনের খিয়ানত। আল্লাহ খিয়ানতকারীকে অপসন্দ করেন এবং প্রত্যেক খিয়ানতকারী কিয়ামতের দিন কঠোর অবস্থার সম্মুখীন হবে। যে সব উকিল, ব্যারিস্টার এবং আইনজীবি নিজেদের মক্কেলের তথ্য অন্যের কাছে ফাঁস করেন বা তাদের উপর ভিত্তি করে নিজেদের ব্যবসা-বাণিজ্য স্থাপন করেন, তারা খুব অনুচিত কাজ করেন। এ ধরনের কাজ আমানতের খিয়ানত। অনুরূপভাবে জনগণের ব্যবসা-বাণিজ্যের গোপন সূত্র সংশ্লিষ্ট সরকারী কর্মচারীর পক্ষে ব্যবহার করা উচিত নয়। রাষ্ট্রের গোপন তথ্যকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করা কর্মচারীর জন্য সম্পূর্ণ অনুচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান