ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৬৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৬৮) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে তবে আল্লাহ তার উপর দশবার সালাত (রহমত) করেন, তার দশটি গোনাহ ক্ষমা করা হয় এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হয়।
كتاب الذكر و الدعاء
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات.

হাদীসের তাখরীজ (সূত্র):

(নাসায়ি। ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান নাসায়ি, হাদীস-১২৯৭; সহীহ ইবন হিব্বান, হাদীস-১০৪]

হাদীসের ব্যাখ্যা:

এক হাদীসে রাসূলুল্লাহ (স)-এর প্রতি একবার দরূদ পাঠের জন্যে দশবার সালাত বর্ষণের কথাই বলা হয়েছে। হযরত আনাস (রা) বর্ণিত হাদীসে দশবার সালাত বর্ষণের সাথে সাথে দশটি স্তর উন্নীত করার এবং দশটি পাপ মোচনের কথা বলা হয়েছে। হযরত আবূ বুরদা ইবনে নিয়ার বর্ণিত হাদীসে অন্তরের অন্তঃস্থল থেকে পড়লে উপরন্তু দশটি নেকি দরূদ পাঠকারীর আমলনামায় লিখিত হওয়ার সুসংবাদও শুনানো হয়েছে। এ অধম লেখকের মতে, এটা একান্তই ইজমালী বর্ণনা ও তার ব্যাখ্যার তারতম্য। অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় হাদীসে যা বলা হয়েছে, তা প্রথামোক্ত হাদীসে ইজমালীভাবে বর্ণিত বক্তব্যের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহই সম্যক অবগত। তৃতীয়োক্ত হাদীস দ্বারা একথাও জানা গেল যে, আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ বিনিময় লাভের জন্যে পূর্বশর্ত হলো এই যে, রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি এ সালাত ও সালাম হতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে-অত্যন্ত খালিস অন্তরে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান