ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৯৫
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৫) উসমান ইবন আফফান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মানুষ যদি প্রত্যেক দিবসের সকালে এবং প্রত্যেক রাতের সন্ধ্যায় তিনবার বলে, 'আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবীতে ও আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না এবং তিনি মহাশ্রোতা ও মহাজ্ঞানী' তবে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না।
كتاب الذكر و الدعاء
عن عثمان رضي الله عنه مرفوعا: ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة: بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات فيضره شيء.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি । তিনি হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ ও হাদীসটি সঙ্কলন করেছেন। তার বর্ণনায়: ‘যে ব্যক্তি এই বাক্যগুলো বলবে সকাল পর্যন্ত কোনো হঠাৎ বিপদ তাকে আক্রান্ত করবে না। আর যে ব্যক্তি সকালে তা বলবে সন্ধ্যা পর্যন্ত কোনো হঠাৎ বিপদ তাকে আক্রান্ত করবে না')। [সুনান তিরমিযি, হাদীস-৩৩৮৮; সুনান আবু দাউদ, হাদীস-৫০৮৮; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৮৬৯]

হাদীসের ব্যাখ্যা:

হযরত উছমান (রা) থেকে এ হাদীসটির বর্ণনাকারী হচ্ছেন তারই পুত্র আবান। তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েছিলেন, যার প্রভাব তাঁর দেহে দৃশ্যমান ছিল। একবার যখন তিনি এ হাদীসটি বর্ণনা করছিলেন, তখন তার জনৈক শাগরিদ তাঁর দিকে বিশেষ অর্থবহ দৃষ্টিতে তাকালেন। তিনি বুঝতে পারলেন শাগরিদটি মনে মনে বলছে, আপনি যখন স্বয়ং আপনার পিতা উছমান (রা) থেকে এ হাদীসটি শুনেই ছিলেন, তা হলে আপনার নিজের এ দুর্গতির কারণ কি? আপনার নিজের আবার পক্ষাঘাত হলো কি করে? এ হাদীছে তো সকাল-সন্ধ্যায় তা পাঠে সর্বপ্রকার নিরাপত্তার গ্যারান্টি রয়েছে। তখন তিনি বললেন: মিঞা, আমার দিকে কী দেখছো? না আমি ভুল রিওয়ায়াত করছি আর না হযরত উছমান (রা) আমার কাছে ভুল রিওয়ায়াত করেছেন। একদা কী একটা কারণে আমি অত্যন্ত ক্রুদ্ধাবস্থায় ছিলাম, ফলে সে দিন ঐ দু'আটি পড়তে আমি ভুলে যাই আর ঐ দিনটিতেই আমি পক্ষাঘাতে আক্রান্ত হই। যেহেতু ভাগ্যের লিখন ছিল ঐ দিন আমার পক্ষাঘাত হবে, তাই সেদিন আল্লাহর পক্ষ থেকেই আমাকে তা ভুলিয়ে রাখা হয়। হযরত আবানের এ মন্তব্যটুকু হাদীসের সাথে সাথে সুনানে আবু দাউদ ও জামে' তিরমিযী সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। সকাল-সন্ধ্যায় তিন তিন বার এ দু'আটি পাঠ করা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের নিত্যদিনের অভ্যাস। নিঃসন্দেহে এতে আসমানী ও যমীনী বালা-মুসীবত থেকে নিরাপত্তার গ্যারান্টি রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান