ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৭০০
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ-বেদনা, মনোকষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে'।
كتاب الذكر و الدعاء
عن أنس رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال….وأعوذ بك من الهرم..

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি। বুখারির এক বর্ণনায়: ‘এবং আমি অতিবার্ধক্য থেকে আপনার আশ্রয় চাই')। [সহীহ বুখারি, হাদীস-২৮৯৩, ৬৩৭১; সুনান তিরমিযি, হাদীস-৩৪৮৪; সুনান আবু দাউদ, হাদীস-১৫৪০; সহীহ মুসলিম, হাদীস-২৭০৬; সুনান নাসায়ি, হাদীস-৫৪৫৩]

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আতে যে আটটি ব্যাপার থেকে আল্লাহ্ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে, তন্মধ্যে চারটি (দুশ্চিন্তা, দুর্ভাবনা, ঋণভার এবং বিরুদ্ধবাদী বা প্রতিপক্ষের চাপ বা দাপট) এমন, যা যে কোন অনুভূতিশীল ও সচেতন ব্যক্তির জন্যে জীবনের আনন্দ উপভোগ থেকে বঞ্চনা এবং ভীষণ মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এগুলো তার কর্মক্ষমতাকে নিষ্ক্রিয় করে দেয়। ফলশ্রুতিতে এগুলোতে জর্জরিত ব্যক্তিটি ইহলৌকিক ও পরলৌকিক অনেক সাফল্য ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকে।

অবশিষ্ট চারটি ব্যাপার (অক্ষমতা বা কর্মহীনতা, অলসতা, কৃপণতা ও কাপুরুষতা) এমন সব দুর্বলতা, যদ্দরুন মানুষ সেই সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারে না বা মেহনত-কুরবানীওয়ালা কাজ করতে পারে না, যেগুলো ব্যতীত না দুনিয়াতে কামিয়াবী হাসিল করা যায় আর না আখিরাতের সাফল্য ও আল্লাহর সন্তুষ্টির মকাম হাসিল করা যায়। এ জন্যে রাসূলুল্লাহ ﷺ এগুলো থেকে আল্লাহ তা'আলার দরবারে আশ্রয় প্রার্থনা করতেন এবং নিজ আমল বা অভ্যাস-আচরণের মাধ্যমে উম্মতকেও এর শিক্ষা দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)