আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৭৮৩
আন্তর্জাতিক নং: ৬২১৬
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৮১. (কোনকিছু তালাশ করার উদ্দেশ্যে) পানি ও কাদার মধ্যে লাঠি দিয়ে টোকা দেওয়া।
৫৭৮৩। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, একবার তিনি মদীনার কোন এক বাগানে নবী (ﷺ) এর সঙ্গে ছিলেন। নবী (ﷺ) এর হাতে একটা লাঠি ছিল। তিনি তা দিয়ে পানি ও কাদার মাঝে টোকা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে দরজা খোলার অনুমতি চাইলেন। নবী (ﷺ) বললেনঃ তার জন্য খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তখন আমি গিয়ে দেখলাম যে, তিনি আবু বকর (রাযিঃ)। আমি তার জন্য দরজা খুলে দিলাম এবং জান্নাতের সুসংবাদ দিলাম। তারপর আরেক ব্যক্তি দরজা খোলার অনুমতি চাইলেন। তিনি বললেনঃ তার জন্য খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও।
তখন দেখলামঃ তিনি উমর (রাযিঃ)। আমি তাকে দরজা খুলে দিলাম এবং জান্নাতের সুসংবাদ জানালাম। পরক্ষণে আরেক ব্যক্তি দরজা খোলার অনুমতি চাইলেন। তখন তিনি হেলান দিয়েছিলেন। তিনি সোজা হয়ে বসে বললেনঃ খুলে দাও এবং তাকে (দুনিয়াতে) একটি কঠিন বিপদের সম্মুখীন হওয়ার মাধ্যমে জান্নাতবাসী হওয়ার সুসংবাদ দাও। আমি গিয়ে দেখি, তিনি উসমান (রাযিঃ)। আমি তাকেও দরজা খুলে দিলাম এবং জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর নবী (ﷺ) যা ভবিষ্যৎবাণী করেছেন, আমি তাও বর্ণনা করলাম। তিনি বললেনঃ আল্লাহ তাআলাই আমার সহায়ক।
তখন দেখলামঃ তিনি উমর (রাযিঃ)। আমি তাকে দরজা খুলে দিলাম এবং জান্নাতের সুসংবাদ জানালাম। পরক্ষণে আরেক ব্যক্তি দরজা খোলার অনুমতি চাইলেন। তখন তিনি হেলান দিয়েছিলেন। তিনি সোজা হয়ে বসে বললেনঃ খুলে দাও এবং তাকে (দুনিয়াতে) একটি কঠিন বিপদের সম্মুখীন হওয়ার মাধ্যমে জান্নাতবাসী হওয়ার সুসংবাদ দাও। আমি গিয়ে দেখি, তিনি উসমান (রাযিঃ)। আমি তাকেও দরজা খুলে দিলাম এবং জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর নবী (ﷺ) যা ভবিষ্যৎবাণী করেছেন, আমি তাও বর্ণনা করলাম। তিনি বললেনঃ আল্লাহ তাআলাই আমার সহায়ক।
كتاب الأدب
باب نَكْتِ الْعُودِ فِي الْمَاءِ وَالطِّينِ
6216 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى: أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ مِنْ حِيطَانِ المَدِينَةِ، وَفِي يَدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودٌ يَضْرِبُ بِهِ بَيْنَ المَاءِ وَالطِّينِ، فَجَاءَ رَجُلٌ يَسْتَفْتِحُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» فَذَهَبْتُ فَإِذَا أَبُو بَكْرٍ، فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ فَقَالَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ» فَإِذَا عُمَرُ، فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، ثُمَّ اسْتَفْتَحَ رَجُلٌ آخَرُ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ، فَقَالَ: «افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ، عَلَى بَلْوَى تُصِيبُهُ، أَوْ تَكُونُ» فَذَهَبْتُ فَإِذَا عُثْمَانُ، فَقُمْتُ فَفَتَحْتُ لَهُ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ، قَالَ: اللَّهُ المُسْتَعَانُ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে 'বাগান' এর জন্য حائط শব্দ ব্যবহার করা হয়েছে। حائط ঐ বাগানকে বলা হয়, যার চতুর্দিকে বেষ্টনী দেওয়া থাকে। এতে প্রবেশের জন্য দরজা থাকে। এ হাদীসে এ ঘটনা বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) মদীনার এ জাতীয় কোন বাগানেই অবস্থান করছিলেন এবং তখন কেবল আবূ মূসা আশআরীই তাঁর কাছে ছিলেন। (এ হাদীসেরই অন্য এক বর্ণনায় একথাও রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন দরজায় পাহারা দেন এবং কাউকে বিনা অনুমতিতে ভিতরে আসতে না দেন।) এমন সময় এক ব্যক্তি দরজা খুলে ভিতরে আসতে চাইল। হুযূর (ﷺ) আবু মূসা আশআরীকে বললেন যে, তাঁর জন্য দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আবূ মূসা আশআরীর জানা ছিল না যে, এ আগন্তুক কে। যখন দরজা খুললেন তখন দেখলেন যে, তিনি হযরত আবু বকর রাযি.। আবূ মূসা তখন তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত আবূ বকর রাযি. জান্নাতের সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। তারপর হযরত উমর রাযি. দরজা খুলে ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) আবু মুসাকে তাই বললেন, যা এর পূর্বে হযরত আবু বকরের জন্য বলেছিলেন। আবু মুসা রাযি.-এর জানা ছিল না যে, এবার যিনি এসেছেন তিনি কে? যখন দরজা খুললেন, তখন দেখলেন যে, ইনি হযরত উমর রাযি.। তিনি তাঁকে জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত উমর রাযি.-ও সুসংবাদ শুনে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন। এরপর তৃতীয় এক ব্যক্তি এসে দরজা খোলার অনুরোধ করলেন এবং ভিতরে আসতে চাইলেন। হুযুর (ﷺ) হযরত আবু মুসা আশআরীকে বললেন যে, তাঁর জন্যও দরজা খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও- তাঁর উপর আগত একটি বিপদের সাথে। আবু মুসা আশআরীর জানা ছিল না যে, এবারের আগন্তুক কে? তিনি যখন হুযুর (ﷺ)-এর নির্দেশ অনুযায়ী দরজা খুললেন, তখন দেখলেন যে, তিনি হযরত উসমান ইবনে আফফান রাযি.। তিনি তাঁকে ঐ কথা শুনিয়ে দিলেন, যা হুযুর (ﷺ) বলেছিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। এর সাথে এ কথাও বলে দিলেন যে, তিনি একটি বিরাট পরীক্ষা ও বিপদের সম্মুখীন হবেন। হযরত উসমান রাযি. জান্নাতের সুসংবাদ লাভে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলেন এবং বিপদের কথা শুনে বললেনঃ الله المستعان (আল্লাহই আমার সাহায্যকারী।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: