আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৯- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়

হাদীস নং: ৬৭২৭
আন্তর্জাতিক নং: ৭২২০
- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
৩০৫৫. খলীফা বানানো।
৬৭২৭। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক স্ত্রীলোক নবী (ﷺ) এর কাছে আসল এবং কোন এক ব্যাপারে তার সাথে কথা বলল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে পুনরায় আসার নির্দেশ দিলেন। স্ত্রীলোকটি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি পুনরায় এসে যদি আপনাকে না পাই? স্ত্রীলোকটি এ বলে (রাসূলুল্লাহ (ﷺ) এর) ইন্‌তিকালের কথা বোঝাতে চাইছিল। তিনি বললেনঃ যদি আমাকে না পাও, তাহলে আবু বকরের কাছে আসবে।
كتاب الأحكام
باب الاِسْتِخْلاَفِ
7220 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَكَلَّمَتْهُ فِي شَيْءٍ، فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ كَأَنَّهَا تُرِيدُ المَوْتَ، قَالَ: «إِنْ لَمْ تَجِدِينِي، فَأْتِي أَبَا بَكْرٍ»

হাদীসের ব্যাখ্যা:

বাহ্যত এমন মনে হয় যে, এ মহিলা মদীনা মুনাওয়ারা থেকে দূরে কোন স্থানে বসবাস করত। সে সম্ভবতঃ হুযুর (ﷺ)-এর নিকট কিছু প্রার্থনা করেছিল, যা তিনি ঐ সময় দিতে পারেননি, এ কথা বলে দিলেন যে, আগামীতে কোন দিন আবার আসবে। সে মহিলা নিবেদন করল যে, আগামীতে আমি যদি এসে আপনাকে না পাই-আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, তাহলে আমি কি করব? তিনি বললেন, এমতাবস্থায় তুমি আবু বকরের নিকট আসবে। এ হাদীসে হুযুর (ﷺ)-এর ওফাতের পর সাথে সাথেই যে হযরত আবূ বকর সিদ্দীক রাযি. খলীফা হবেন, এর প্রতি স্পষ্ট ইশারা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)