আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮২- কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে গ্রহণ ও অনুসরণের বর্ণনা

হাদীস নং: ৬৮২১
আন্তর্জাতিক নং: ৭৩২০
- কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে গ্রহণ ও অনুসরণের বর্ণনা
৩০৮৮. নবী (ﷺ) এর বাণীঃ অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণের অনুকরণ করতে থাকবে।
৬৮২১। মুহাম্মাদ ইবনে আব্দুল আযীয (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, নিশ্চয় তোমরা তোমাদের পূর্ববর্তীদের আচার-আচরণকে বিঘতে বিঘতে, হাতে হাতে অনুকরণ করবে। এমনকি তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে থাকে, তাহলে তোমরাও এতে তাদের অনুকরন করবে। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! এরা কি ইহুদি ও নাসারা? তিনি বললেনঃ আর কারা?
كتاب الاعتصام بالكتاب والسنة
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ "
7320 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا أَبُو عُمَرَ الصَّنْعَانِيُّ، مِنَ اليَمَنِ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ، شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ» ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، اليَهُودُ وَالنَّصَارَى؟ قَالَ: «فَمَنْ»

হাদীসের ব্যাখ্যা:

شِبر এর অর্থ অর্ধ হাত (অর্থাৎ লম্বিত কনিষ্ঠাঙ্গুলী থেকে বৃদ্ধাংঙ্গুলীর মাথা পর্যন্ত-অনুবাদক) আর ذِرَاعًا এর অর্থ হাতের আঙ্গুল গুলো থেকে কনুই পর্যন্ত পরিমাণ যা ঠিক দুই অর্ধ হাত সমান হয়ে থাকে। হাদীসের শব্দাবলি شِبْرًا بشِبر وَذِرَاعًا بِذِراع -এর উদ্দেশ্য সম্পূর্ণ তাই যা উর্দু পরিভাষায় কদম বকদম (পায়ে পায়ে) বলা হয়ে থাকে। রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীসমূহের উদ্দেশ্য এই যে, অবশ্যই এরূপ এক সময় আসবে যে, আমার উম্মতের কতক লোক পূর্ববর্তী উম্মতের পথভ্রষ্ট লোকদের পদাঙ্ক অনুসরণ করবে। যে সব গোমরাহী ও গর্হীত কাজে তারা লিপ্ত ছিল সে গুলো উম্মতের মধ্যে দেখা দিবে। এমনকি যদি তাদের মধ্যে কোন পাগল ('ضب' গুঁই সাপ)-এর গর্তে প্রবেশের চেষ্টা করে থাকে তবে আমার উম্মতের মধ্যেও এরূপ পাগল হবে, যে এ জাতীয় পাগলামী চেষ্টা করবে। (উদ্দেশ্য এই যে, এজাতীয় বোকামী কর্ম প্রচেষ্টায়ও তাদের অনুসরণ ও ভাঁড়ামি করবে। প্রকৃত পক্ষে এটা পূর্ণমাত্রায় অনুসরণ ও ভাঁড়ামির এক তুলনামূলক ব্যাখ্যা)

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ কথা শুনে জনৈক সাহাবী নিবেদন করলেন। ইয়া রাসূলাল্লাহ্! আমাদের পূর্ববর্তী উম্মত দ্বারা কি ইয়াহুদী ও খ্রিস্টান উদ্দেশ্য? তিনি বললেন, তারা নয় তো আর কে? অর্থাৎ আমার উদ্দেশ্য ইয়াহুদী ও খ্রিস্টানই।

এটা কেবল ভবিষ্যতবাণীই নয়, বরং বিরাট প্রতিক্রিয়াশীল প্রক্রিয়ায় একটি ঘোষণা যে, আমার প্রতি ঈমান গ্রহণকারীগণ সাবধান ও হুশিয়ার থাকবে এবং ইয়াহুদী ও খ্রিস্টানদের গোমরাহী ও ভ্রান্ত কাজ থেকে নিজেকে সুরক্ষিত রাখার চিন্তায় কখনো অমনোযোগী হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)