আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮২- কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে গ্রহণ ও অনুসরণের বর্ণনা

হাদীস নং: ৬৮৫৯
আন্তর্জাতিক নং: ৭৩৬১ - ৭৩৬২
- কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে গ্রহণ ও অনুসরণের বর্ণনা
৩০৯৯. রাসূলুল্লাহ্ (ﷺ) এর বাণীঃ আহলে কিতাবদের কাছে কোন বিষয়ে জিজ্ঞাসা করো না।
আবুল ইয়ামান (রাহঃ) বলেন, শুআইব (রাহঃ), ইমাম যুহরী (রাহঃ) থেকে হুমায়দ ইবনে আব্দুর রহমান (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি মুআবিয়া (রাযিঃ) কে মদীনায় বসবাসরত কুরাইশ বংশীয় কতিপয় লোকের সাথে আলাপ-আলোচনা করতে শুনেছেন। তখন কা’ব আহবারের কথা এসে যায়। মুআবিয়া (রাযিঃ) বললেন, যারা পূর্ববর্তী কিতাব সম্পর্কে আলোচনা করেন, তাদের মধ্যে তিনি অধিকতর সত্যবাদী, যদিও বর্ণিত বিষয়সমূহ ভিত্তিহীন।
৬৮৫৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আহলে কিতাব হিব্রু ভাষায় তাওরাত পাঠ করে মুসলমানদের সামনে তা আরবী ভাষায় ব্যাখ্যা করত। (এই প্রেক্ষিতে) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আহলে কিতাবকে তোমরা সত্যবাদী মনে করো না এবং তাদেরকে মিথ্যাবাদীও ভেবো না। তোমরা বলে দাও, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি .... শেষ পর্যন্ত।
كتاب الاعتصام بالكتاب والسنة
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ تَسْأَلُوا أَهْلَ الْكِتَابِ عَنْ شَىْءٍ " وَقَالَ أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَ مُعَاوِيَةَ، يُحَدِّثُ رَهْطًا مِنْ قُرَيْشٍ بِالْمَدِينَةِ، وَذَكَرَ كَعْبَ الأَحْبَارِ فَقَالَ إِنْ كَانَ مِنْ أَصْدَقِ هَؤُلاَءِ الْمُحَدِّثِينَ الَّذِينَ يُحَدِّثُونَ عَنْ أَهْلِ الْكِتَابِ، وَإِنْ كُنَّا مَعَ ذَلِكَ لَنَبْلُو عَلَيْهِ الْكَذِبَ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لأَهْلِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ، وَلاَ تُكَذِّبُوهُمْ وَقُولُوا (آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ) ". الآيَةَ.

হাদীসের ব্যাখ্যা:

ঘটনা এই যে, তাওরাতে এবং অনুরূপভাবে ইঞ্জিলে বিভিন্ন পরিবর্তন হয়েছিল। এজন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দিক নির্দেশ প্রদান করেছেন যে, তাদের এসব কথা না সত্যায়ন কর, না মিথ্যা বল। এ আকীদা রাখ এবং অন্যদের সামনেও নিজের এ অবস্থান প্রকাশ করে দাও যে, আল্লাহর সব নবীগণের প্রতি ও আল্লাহ্ তা'আলার নিকট হতে নাযিলকৃত সব হিদায়াতনামার প্রতি আমাদের ঈমান আছে। আমরা এ সবকে সত্য বলে মানি। এ হিসাবে আল্লাহর নবীদের মধ্যে আমরা কোন পার্থক্য করি না। আর আমরা আল্লাহর বান্দা। তাঁরই নির্দেশসমূহের ওপর চলি। আর এ যুগের জন্য তাঁর নির্দেশ এই যে, তাঁর শেষ কিতাব কুরআন ও তা বহনকারী শেষ নবী ও রাসূলের তালিম ও হিদায়াতের অনুসরণ করা হবে। আল্লাহ্ তা'আলার নির্দেশ এটাই। আর বুদ্ধি বিবেকের চাহিদাও এটাই যে, আল্লাহর সব নবীর প্রতি এবং তাঁর নাযিলকৃত সব কিতাবের প্রতি' ঈমান আনা হবে। সবার সম্মান ও মর্যাদার স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু অনুসরণ করা হবে স্বীয় যুগের নবী ও রাসূলের এবং তাঁর আনীত শরী'আতের।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)