আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১- ঈমানের অধ্যায়

হাদীস নং: ২৫৬
আন্তর্জাতিক নং: ১৩৮-৩
- ঈমানের অধ্যায়
৬০. মিথ্যা কসমের মাধ্যমে কোন মুসলমানের হক তসরূপকারীর (বিনষ্টকারী) প্রতি জাহান্নামের হুমকি
২৫৬। ইবনে আবু উমর আল মক্কী (রাহঃ) ......... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন মুসলিমের সম্পদ গ্রাসের জন্য মিথ্যা কসম করবে, এমন অবস্থায় আল্লাহর সঙ্গে তার সাক্ষাত ঘটবে যে, তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন। আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) প্রমাণ হিসাবে এ আয়াত পাঠ করেনঃ যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রতি এবং নিজেদের শপথ তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোন অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না; তাদের জন্য মর্মন্তুদ শান্তি রয়েছে। (৩ঃ ৭৭)
كتاب الإيمان
باب وَعِيدِ مَنِ اقْتَطَعَ حَقَّ مُسْلِمٍ بِيَمِينٍ فَاجِرَةٍ بِالنَّارِ
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَامِعِ بْنِ أَبِي رَاشِدٍ، وَعَبْدِ الْمَلِكِ بْنِ أَعْيَنَ، سَمِعَا شَقِيقَ بْنَ سَلَمَةَ، يَقُولُ سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ حَلَفَ عَلَى مَالِ امْرِئٍ مُسْلِمٍ بِغَيْرِ حَقِّهِ لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ " قَالَ عَبْدُ اللَّهِ ثُمَّ قَرَأَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِصْدَاقَهُ مِنْ كِتَابِ اللَّهِ (إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً) إِلَى آخِرِ الآيَةِ .

হাদীসের ব্যাখ্যা:

মিথ্যা কথা বলা পাপ। মিথ্যা তামাম পাপের মূল। মিথ্যা হলফ করা জঘন্য পাপ। মিথ্যা হলফের মাধ্যমে অন্যের হক বিনষ্ট করা আরও জঘন্য। যার অন্তরে আল্লাহ ও আখিরাতের ভয় রয়েছে, সে কখনো আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারে না এবং শপথের মাধ্যমে অপর ভাইকে তার হক থেকে বঞ্চিত করতে পারে না। যে এ ধরনের নিকৃষ্টতম কাজ করে, সে একসঙ্গে তিনটি অপরাধ করে- মিথ্যা বলা, অসঙ্গত কাজে আল্লাহর নাম ব্যবহার করা এবং অন্যায়ভাবে অপর ব্যক্তিকে সম্পদ থেকে বঞ্চিত করা। এ ধরনের লোক কিয়ামতের দিন আল্লাহর অসন্তোষ ও ক্রোধের সম্মুখীন হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)