আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৭
আন্তর্জাতিক নং: ৪৬২-১
- নামাযের অধ্যায়
৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১৭। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... উম্মল ফযল বিনতে হারিস (রাযিঃ) সূত্রে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) কে সূরা وَالْمُرْسَلاَتِ عُرْفًا পাঠ করতে শুনে বললেন, হে বৎস! তুমি এই সূরাটি পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, এটি এমন এক সূরা যা আমি সর্বশেষে রাসূলুল্লাহ (ﷺ) কে মাগরিবের নামাযে পাঠ করতে শুনেছি।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ سَمِعَتْهُ وَهُوَ، يَقْرَأُ ( وَالْمُرْسَلاَتِ عُرْفًا) فَقَالَتْ يَا بُنَىَّ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ .
হাদীসের ব্যাখ্যা:
কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)