আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৯৪৫
আন্তর্জাতিক নং: ১২৭৩-২
- হজ্ব - উমরার অধ্যায়
৩৮. উট ও অন্যান্য সওয়ারীতে আরোহণ করে তাওয়াফ করা এবং আরোহীর জন্য লাঠি ইত্যাদির সাহায্যে পাথর স্পর্শ করা জায়েয
২৯৪৫। আলী ইবনে খাশরম ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আবু যুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে বলতে শুনেছেনঃ বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ) সওয়ারীতে আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াফ ও সাফা-মারওয়ার মাঝে সাঈ করেছেন- যাতে লোকেরা তাঁকে দেখতে পায়; তিনি সবার উপরে থাকেন এবং তাঁর নিকট তারা (প্রয়োজনীয় বিষয়) জিজ্ঞাসা করতে পারে। কারণ লোকেরা তাঁকে বেষ্টন করে রেখেছিল। ইবনে খাশরম কেবল “তারা যেন তাঁকে জিজ্ঞাসা করতে পারে” কথাটুকুর উল্লেখ করেননি।
كتاب الحج
باب جَوَازِ الطَّوَافِ عَلَى بَعِيرٍ وَغَيْرِهِ وَاسْتِلاَمِ الْحَجَرِ بِمِحْجَنٍ وَنَحْوِهِ لِلرَّاكِبِ
وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ بَكْرٍ - قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى رَاحِلَتِهِ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ لِيَرَاهُ النَّاسُ وَلِيُشْرِفَ وَلِيَسْأَلُوهُ فَإِنَّ النَّاسَ غَشُوهُ . وَلَمْ يَذْكُرِ ابْنُ خَشْرَمٍ وَلِيَسْأَلُوهُ فَقَطْ .

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন হাদীসে রাসূলুল্লাহ (ﷺ)-এর তাওয়াফের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, তিনি হাজরে আসওয়াদকে ইসতিলাম করার পর ডান দিকে হেঁটে গেলেন এবং তাওয়াফ শুরু করলেন। এর প্রথম তিন চক্করে রমল করলেন, আর বাকী চার চক্করে স্বাভাবিক গতি অনুসরণ করলেন। এর দ্বারা বুঝা যায় যে, তিনি তাওয়াফ পায়ে হেঁটে করেছিলেন।

আর কোন কোন হাদীসে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে এ দু'টি বর্ণনায় কোন বিরোধ নেই। রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্বে মক্কায় পৌছার পর প্রথম তাওয়াফটি পায়ে হেঁটে করেছিলেন। তারপর দশই যিলহজ্ব মিনা থেকে মক্কায় এসে যে তাওয়াফটি করেছিলেন, সেটা উটের উপর সওয়ার হয়ে করেছিলেন- যাতে প্রশ্নকারীরা তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং মাসআলা জেনে নিতে পারে। তাই হুযুর (ﷺ)-এর উটটি যেন সে সময় তাঁর জন্য মিম্বর হিসাবে ব্যবহৃত হচ্ছিল। আর সম্ভবত তিনি নিজের এ আমল দ্বারা একথাও প্রকাশ করতে চেয়েছিলেন যে, বিশেষ অবস্থায় সওয়ারীর উপরও তাওয়াফ করা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ২৯৪৫ | মুসলিম বাংলা