কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে বউ তালাক!
প্রশ্নঃ ১৬৮১১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে তালাকনামা তৈরি করে তাতে নিজের স্বাক্ষর সংযুক্ত করার ফলে তালাক সংঘটিত হয়েছে কি না ?
মুহতারাম মুফতি সাহেব,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের বিবাহিত জীবনের বয়স প্রায় তিন বছর। একদিন আমাদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এর পরের দিন আমার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়।
এরপর একদিন আমি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি নকল তালাকনামা (তালাকের ফরম) তৈরি করি। এ জন্য আমার কাছে থাকা একটি তালাকনামা, যা আমি আগে অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম, সেটি AI-কে দিয়ে বলি, “এর অনুরূপ একটি তালাকনামা তৈরি করে দাও।”
এরপর আমি AI-কে আমার নাম এবং আমার স্ত্রীর নাম প্রদান করি। তালাকনামার যে স্থানে স্বাক্ষর করার জন্য নাম দেওয়া ছিল, সেখানে পূর্বে থাকা নামটি সরিয়ে আমার নাম বসাই। সেটা এভাবে যে, একটি কাগজে নিজের নাম লিখে তার ছবি তুলে AI-কে বলি, আমার এই নামটি স্বাক্ষরের স্থানে বসিয়ে দিতে। AI সেই স্বাক্ষরটি তালাকনামার নির্ধারিত স্থানে বসিয়ে দেয়।
এখন আমার জানার বিষয় হলো—
১. উপরোক্ত পদ্ধতিতে এই তালাকনামা তৈরি করার কারণে কি শরিয়ত অনুযায়ী আমার স্ত্রীর ওপর তালাক পতিত হয়েছে?
২. যদি তালাক পতিত হয়ে থাকে, তাহলে কত তালাক পতিত হয়েছে—এক তালাক, নাকি তিন তালাক?
অতএব, উপরোক্ত বিষয়টির শরয়ি সমাধান ও সঠিক হুকুম জানিয়ে বাধিত করবেন।
আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
লিখিত তালাকও শরীয়তে তালাকের একটি স্বীকৃত পদ্ধতি। স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকনামা লিখে এবং তাতে তালাকের স্পষ্ট কথা উল্লেখ করে, তাহলে শরয়ী শর্ত পূরণ সাপেক্ষে লিখিত তালাকের মাধ্যমেও তালাক সংঘটিত হয়। তালাকনামায় যত তালাক লেখা থাকবে, তত তালাকই পতিত হবে। লিখিত তালাক সংঘটিত হওয়ার জন্য সাক্ষী থাকা শর্ত নয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে লিখিত তালাকের হুকুম:
প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে AI-এর মাধ্যমে তালাকনামা তৈরি করে তাতে নিজের স্বাক্ষর সংযুক্ত করা হলেও, যদি স্বামী জেনে-বুঝে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকনামাটি গ্রহণ করে তাতে নিজের স্বাক্ষর সংযুক্ত করে, তাহলে তা লিখিত তালাক হিসাবে গন্য হয়ে তালাক সংঘটিত হবে। আর তালাকনামায় যত তালাক লেখা থাকবে, তত তালাকই পতিত হবে।
অতএব, সেখানে এক তালাক লেখা থাকলে এক তালাক এবং তিন তালাক লেখা থাকলে তিন তালাক সংঘটিত হবে। কারণ, AI দ্বারা লেখা হয়েছে কি না এটি মূল বিষয় নয়; মূল বিষয় হলো স্বামীর পক্ষ থেকে লিখিত আকারে তালাক দেওয়া ও স্বাক্ষর করা।
(الفتاوی الہندیة: ۱/۳۷۸)
الکتابة المرسومة أما إن أرسل الطلاق بأن کتب أما بعد فأنت طالق یقع الطلاق بأن کتب أما بعد فأنت طالق یقع الطلاق
(فتاوی شامی: مطلب في الطلاق بالکتابة، ج:3، ص:246، ط:ایچ ایم سعید)
"(قوله: كتب الطلاق إلخ) قال في الهندية: الكتابة على نوعين: مرسومة وغير مرسومة،وإن كانت مرسومة يقع الطلاق نوى أو لم ينو."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন