শিশুর অতিরিক্ত ঘুম
প্রশ্নঃ ১৭৩৩৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ছেলের নাম লাবিব মাহাদি, হেফজ বিভাগে পড়াশোনা করে, বয়স ১২ বছর ওর অতিরিক্ত ঘুম এটার কারণ কি হতে পারে এটা একটু জানাবেন ইসলামের দৃষ্টিতে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আল্লাহ তাআলা আপনার ছেলে লাবিব মাহাদিকে কুরআনের হাফেজ হিসেবে কবুল করুন। হক্কানি আলেম হওয়ার এবং নেক আমলে অগ্রজ হওয়ার তাওফিক দান করুন। আমিন।
আপনি যেই বিষয়টি জানতে চেয়েছেন– আমাদের কাছে মনে হয় শরঈ বিষয়ের চেয়ে চিকিৎসা বিষয়ের সাথে এর সম্পৃক্ত অধিক। তাই বিষয়টি নিয়ে অভিজ্ঞ ডাক্তারের সাথে আলাপ করা অধিক যুক্তিযুক্ত।
তার অতিরিক্ত ঘুমের সাথে হয়তো শারীরিক ক্লান্তি থাকতে পারে। কিংবা অলসতাও থাকতে পারে। অলসতার বিষয়টি অভিভাবক হিসেবে আপনার নিজেরা এবং দ্বিতীয় অভিভাবক হিসেবে তার উস্তাদগণ ভালো বলতে পারবে।
আর চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ১২ বছর বয়সী শিশুর জন্য ২৪ ঘণ্টায় (দিনের ঘুমসহ) সাধারণত ৯–১২ ঘণ্টা ঘুম প্রয়োজন।
এর চেয়ে নিয়মিত বেশি ঘুমালে বা পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন ঘুম ঘুম ভাব থাকলে কয়েকটি কারণ খতিয়ে দেখা দরকার। এর মধ্যে শারীরিক পরিশ্রম, রক্তস্বল্পতা, পুষ্টির ঘাটতি, ঘুমের মান খারাপ হওয়া, রাতে ঘুমালেও নাক ডাকা, নাক বন্ধ থাকা বা ঘুমের মধ্যে শ্বাসের সমস্যার কারণেও দিনের বেলায় ঘুমঘুম ভাব থাকতে পারে।
বিশেষ করে নাক ডাকা ও ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়ার লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ জরুরি। তাই অতিরিক্ত ঘুমের সমস্যা নিয়মিত থাকলে একজন শিশু বিশেষজ্ঞকে দেখান। প্রয়োজন মনে করলে তিনি রক্তস্বল্পতা বা অন্য কোনো শারীরিক সমস্যা পরীক্ষা করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন