আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৫১
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৫১. হযরত আবু সাঈদ ইব্‌ন আবু ফাযালা (রা) থেকে বর্ণিত। আর হযরত আবু ফাযালা (রা) সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি! আল্লাহ্ তা'আলা যখন কিয়ামতের দিন, যে দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই, পূর্বাপর লোকদের একত্রিত করবেন, তখন একজন আহ্বানকারী ডেকে বলবেঃ যে ব্যক্তি এক আল্লাহ্ ব্যতীত অন্যকে তার আমলে শরীক করেছে, সে যেন তার সওয়াব সে শরীকের কাছে চেয়ে নেয়, কেননা আল্লাহ্ তা'আলা মুশরিকদের শিরকের ধার ধারেন না।
(ইমাম আবু ঈসা তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থের তাফসীর অধ্যায়ে এবং ইব্ন মাজাহ ও ইব্ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে ও ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
51 - وَعَن أبي سعيد بن أبي فضَالة وَكَانَ من الصَّحَابَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
يَقُول إِذا جمع الله الْأَوَّلين والآخرين يَوْم الْقِيَامَة ليَوْم لَا ريب فِيهِ نَادَى مُنَاد من كَانَ أشرك فِي عمله لله أحدا فليطلب ثَوَابه من عِنْده فَإِن الله أغْنى الشُّرَكَاء عَن الشّرك
رَوَاهُ التِّرْمِذِيّ فِي التَّفْسِير من جَامعه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ

হাদীসের ব্যাখ্যা:

উভয় হাদীসের সার ও মূল পয়গাম হচ্ছে এই যে, আল্লাহ্ তা'আলা কেবল ঐ আমলকেই গ্রহণ করেন এবং এর উপরই প্রতিদান দেন, যা ইখলাসের অনুভূতি নিয়ে কেবল তাঁরই সন্তুষ্টি ও রহমতের কামনায় করা হয় এবং আল্লাহ্ ছাড়া কাউকে এতে শরীক না করা হয়। এর বিপরীত যে আমলের দ্বারা আল্লাহ্ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অথবা এর দ্বারা কোন প্রকার স্বার্থসিদ্ধি উদ্দেশ্য হয়, আল্লাহ্ তা'আলা সেটা কখনো কবুল করেন না। কেননা, তিনি অংশীদারিত্ব থেকে মুক্ত এবং শিরকের সংমিশ্রণ থেকেও অসন্তুষ্ট।

এ পরিণাম তো হচ্ছে ঐসব আমলের, যেগুলো আল্লাহর উদ্দেশ্যে করা হয়, তবে নিয়্যতের মধ্যে পূর্ণ ইখলাস ও একনিষ্ঠতা থাকে না; বরং কোন না কোনভাবে এতে আল্লাহ্ ছাড়া অন্য কারো অংশ এসে যায়। কিন্তু যেসব নেক আমল কেবল রিয়ার সাথেই করা হয়, যেগুলো দ্বারা শুধু নাম-যশ, লোক দেখানো, খ্যাতিলাভ এবং মানুষের ভক্তি অর্জনই উদ্দেশ্য হয়, সেগুলো শুধু প্রত্যাখ্যান করে এসব আমলকারীর মুখেই ছুঁড়ে মারা হবে না; বরং এসব রিয়াকার মানুষ নিজেদের এসব আমলের কারণে জাহান্নামেও নিক্ষিপ্ত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান