আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৫২
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৫২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেনঃ আমি মুশরিকদের শিরক থেকে অভাবমুক্ত। যে ব্যক্তি আমার উদ্দেশ্যে কোন কাজ করল, তারপর তাতে অন্য কাউকে শরীক করল, আমি তা থেকে দায়িত্বমুক্ত। তা কেবল তারই জন্যে থাকে, যাকে সে শরীক স্থাপন করেছে।
(ইমাম ইবন মাজাহ (র) নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন এবং ইব্‌ন খুযায়মা (র) তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেছেন। তবে ইব্‌ন মাজাহ (র) বর্ণিত রিওয়ায়াতটি বিশ্বস্ত সনদে বর্ণিত।)
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
52 - وَعَن أبي هُرَيْرَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله عز وَجل أَنا أغْنى الشُّرَكَاء عَن الشّرك فَمن عمل لي عملا أشرك فِيهِ غَيْرِي فَأَنا مِنْهُ بَرِيء وَهُوَ للَّذي أشرك
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
ورواة ابْن مَاجَه ثِقَات

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ শিরককে খুব অপসন্দ করেন। বান্দা যে সব সৎকর্মের সাথে অন্যকে শরীক করে, আল্লাহর সাথে অন্যকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তা কবুল করেন না। তিনি শরীক এবং শিরককারী উভয়কে অপসন্দ করেন। তিনি এ ধরনের নির্বোধকে কোন পূণ্য দিবেন না, যে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক কাজ করেনি, বরং নিজের পরিবার-পরিজনের বা কোন বুযর্গ ব্যক্তি বা কোন রাজা-মহারাজাকে সন্তুষ্ট করার জন্য তা করেছে। শুধু তাই নয়, এ ধরনের ব্যক্তির উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হবেন এবং কিয়ামতের দিন তাদের ব্যাপারে ঘোষণা করা হবে যে, তিনি তাদেরকে কোন ফল দান করবেন না। তারা যেন আল্লাহ ছাড়া অন্য সত্তার কাছ থেকে ফল লাভ করে। শিরককারীদের জন্য এটা চরম দুর্ভাগ্য ও বদ কিসমত।

আবূ সাঈদ ইবনে আবু ফাযালা (রা)-এর বরাত দিয়ে মুসনাদে আহমদ-এ বর্ণিত অপর এক হাদীসে শিরককারীদের মন্দ পরিণামের কথা বলা হয়েছে:

قَالَ: إِذَا جَمَعَ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ نَادَى مُنَادٍ: مَنْ كانَ أشركَ فِي عملٍ عملَه للَّهِ أحدا فَلْيَطْلُبْ ثَوَابَهُ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ فَإِنَّ اللَّهَ أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ

"নবী ﷺ বলেছেনঃ যে কিয়ামতের আগমন সম্পর্কে কোন সন্দেহ নেই, সেদিন আল্লাহ যখন তামাম মানুষ জাতিকে একত্র করবেন, তখন একজন এলানকারী ঘোষণা করবে, যে আল্লাহর জন্য নিবেদিত কোন কাজে অন্যকে শরীক করেছে, সে যেন আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে তার সওয়াব গ্রহণ করে। কেননা শিরকের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি বেনিয়ায। (মুসনাদে আহমদ)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান