আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৬৫
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৬৫. হযরত ইব্ন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার উম্মতের উপর যখন বিপর্যয় (ফিতনা) নেমে আসবে, তখন যে ব্যক্তি আমার একটি সুন্নত আঁকড়ে ধরবে, তার জন্য রয়েছে একশত শহীদের সওয়াব।
(হাসান ইব্‌ন কুতায়বা সূত্রে ইমাম বায়হাকী এবং তাবারানী হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত একটি নির্দোষ সনদে হাদীসটি বর্ণনা করেন। তাঁর পিতা একশজনের স্থলে "একজন শহীদের" সওয়াবের কথা বলেছেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
65 - وَعَن ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تمسك بِسنتي عِنْد فَسَاد أمتِي فَلهُ أجر مائَة شَهِيد

رَوَاهُ الْبَيْهَقِيّ من رِوَايَة الْحسن بن قُتَيْبَة وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أبي هُرَيْرَة بِإِسْنَاد لَا بَأْس بِهِ إِلَّا أَنه قَالَ فَلهُ أجر شَهِيد

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ্ ইবনে 'আমর (রা)-এর এক হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর প্রতিভাত করা হয়েছে যে, পূর্ববর্তী উম্মতদের ন্যায় তাঁর উম্মতে ফাসাদ এবং অনৈক্য আসবে। আর এমন যুগও আসবে যখন উম্মতের পথ ভ্রষ্টতা আর প্রবৃত্তি ও শয়তানের অনুসরণ অতি সাধারণ হয়ে যাবে। তখন তাদের অধিকাংশ তাঁর হিদায়াত ও তা'লিম ছেড়ে দেবে এবং তাঁর তরীকায় প্রতিষ্ঠিত থাকবে না। প্রকাশ থাকে, এরূপ মন্দ পরিবেশ ও এরূপ প্রতিকূল অবস্থায় তাঁর হিদায়াত, সুন্নাত ও শরী'আতের ওপর প্রতিষ্ঠিত থেকে জীবন-যাপন করা খুবই দৃঢ়তার কাজ হবে। আর এরূপ বান্দাদের বিরাট বাধার সম্মুখীন হতে হবে এবং বড় ত্যাগ স্বীকার করতে হবে। হযরত আবু হুরাইরা (রা)-এর আলোচ্য হাদীসে সুন্নাতের ওপর দৃঢ়চেতা ওইসব ব্যক্তিবর্গকে সুসংবাদ শোনানো হয়েছে যে, আখিরাতে আল্লাহর নিকট থেকে তাদেরকে আল্লাহর পথে শাহাদত বরণকারীদের মর্যাদা ও সাওয়াব দান করা হবে। এখানে এ কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, আমাদের পরিভাষায় 'سنة' শব্দ এক বিশেষ ও সীমাবদ্ধ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু হাদীসে 'سنة' দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তাঁর তরীকা ও তাঁর হিদায়াত। যার মধ্যে আকীদা, ফরয, ওয়াজিবসমূহও অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৫ | মুসলিম বাংলা