আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪৯৩
অধ্যায়ঃ শিষ্টাচার
সত্যাশ্রয়ের প্রতি অনুপ্রেরণা এবং মিথ্যাশ্রয়ের প্রতি ভীতি প্রদর্শন
৪৪৯৩. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমার মা আমাকে ডাকেন, আর ঐ সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের ঘরে উপস্থিত ছিলেন। সে বলল: তুমি এসো, আমি তোমাকে (কিছু) দেব। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বলেন: তুমি তাকে কী দিতে চেয়েছিলে? সে বলল: আমি তাকে খুরমা দিতে চেয়েছিলাম। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন: সাবধান! তুমি যদি তাকে তা না দিতে, তবে তোমার আমলনামায় একটি মিথ্যা লেখা হতো।
(আবু দাউদ ও বায়হাকী (র) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মুক্তদাস আবদুল্লাহ্ ইবন আমির (রা) থেকে বর্ণনা করেন। তবে তাঁরা উভয়ে তাঁর নাম উল্লেখ করেন নি। ইব্‌ন আবুদ দুনিয়া (র) উক্ত হাদীসের বর্ণনাকারী হিসেবে যিয়াদের নাম উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصدْق والترهيب من الْكَذِب
4493- وَعَن عبد الله بن عَامر رَضِي الله عَنهُ قَالَ دعتني أُمِّي يَوْمًا وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَاعد فِي بيتنا فَقَالَت هَا تعال أعطك فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أردْت أَن تعطيه قَالَت أردْت أَن أعْطِيه تَمرا فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما إِنَّك لَو لم تعطه شَيْئا كتبت عَلَيْك كذبة

رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ عَن مولى عبد الله بن عَامر وَلم يُسَمِّيَاهُ عَنهُ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فَسَماهُ زيادا

হাদীসের ব্যাখ্যা:

বাচ্চাদের সাথে হাসি-তামাশা বা খেলার ছলেও মিথ্যা বলা অনুচিত। ছেলেমেয়েরা পিতামাতাকে অনুসরণ করে। তাদের সাথে হাসি-তামাশার ছলেও মিথ্যা কথা বললে তারা মিথ্যা শিখবে এবং ধীরে ধীরে তাদের মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়াবে। এভাবে শিশুদেরকে মিথ্যা শিখানোর জন্য পিতামাতার গুনাহ হবে। ছোটদেরকে কোন কিছু দেয়ার কথা বলে তা তাদেরকে না দেয়াও এক ধরনের ওয়াদা খেলাফী। তাই নবী ﷺ শিশুদের সাথে মিথ্যা বলতে বারণ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান