আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬১০
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১০. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা নবী বা শহীদ নন, কিন্তু নবী ও শহীদগণ কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে তাঁদের প্রতি ঈর্ষা পোষণ করবেন। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, ইয়া রাসূলাল্লাহ। আমাদেরকে বলুন, তাঁরা কারা? উত্তরে তিনি বললেন, তারা এমন সম্প্রদায়, যারা পরস্পরে আত্মীয়তার বন্ধন অথবা আর্থিক লেনদেনের সম্পর্ক না থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশনা মুতাবিক একে অপরকে ভালবাসে। আল্লাহর কসম, (কিয়ামতের দিন) তাদের চেহারা নূরানী হবে এবং তারা নূরের আসনে উপবিষ্ট থাকবে। যখন মানুষ ভয় পাবে, তখন তারা ভয় পাবে না এবং যখন মানুষ দুঃখিত হবে তখন তারা দুঃখিত হবে না। অতঃপর তিনি। এ আয়াত তিলাওয়াত করলেন أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لأَخَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يُحزنون " ওহে জেনে রাখ, আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।" (১০৪.৬২)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4610- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من عباد الله لأناسا مَا هم بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء يَغْبِطهُمْ الْأَنْبِيَاء وَالشُّهَدَاء يَوْم الْقِيَامَة بمكانهم من الله
قَالُوا يَا رَسُول الله فخبرنا من هم قَالَ هم قوم تحَابوا بِروح الله على غير أَرْحَام بَينهم وَلَا أَمْوَال يَتَعَاطونَهَا فوَاللَّه إِن وُجُوههم لنُور وَإِنَّهُم لعلى نور وَلَا يخَافُونَ إِذا خَافَ النَّاس
وَلَا يَحْزَنُونَ إِذا حزن النَّاس وَقَرَأَ هَذِه الْآيَة أَلا إِن أَوْلِيَاء الله لَا خوف عَلَيْهِم وَلَا هم يَحْزَنُونَ يُونُس 26

رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

আত্মীয়তার কারণে বা বৈষয়িক লেনদেনের জন্য পরস্পর ভালবাসা সৃষ্টি হতে পারে। আত্মীয়-স্বজনকে মহব্বত করা, আত্মীয়-স্বজনের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের অভাব-অভিযোগ দূর করা মু'মিনদের ঈমানী কর্তব্য এবং খুব সওয়াবের কাজ। কিন্তু শুধু দীনের খাতিরে বা দীনের রিশতার জন্য পরস্পর মহব্বত করা, একে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা, দীনী ভাইয়ের সমস্যা সমাধান করা, দীনী ভাইকে বিপদ থেকে রক্ষা করা এবং দীনী ভাইয়ের আবরু ও ইযযতের হিফাযত করা আল্লাহর নিকট খুবই সম্মানিত ও প্রিয় কাজ। তিনি এ ধরনের আল্লাহ-প্রেমিকদেরকে তাঁর ভালবাসার বুলন্দ মাকামে উন্নীত করবেন এবং কিয়ামতে তাদের নিঃস্বার্থ ভালবাসার জন্য তাদেরকে এমন ইনাম এবং নিয়ামত দান করবেন যে, সাধারণ মানুষ তার কল্পনাও করতে পারবে না। আল্লাহর বিশেষ ও মাহবুব বান্দাগণ, যথা আম্বিয়া ও শুহাদাও তাদের বুলন্দ মর্যাদা ঈর্ষার চোখে দেখবেন। এ হাদীস থেকে কেউ যেন এরূপ মনে না করেন যে, আম্বিয়া ও শহীদদের চেয়ে তাদের মর্যাদা বেশি হবে, বরং সামগ্রিকভাবে আম্বিয়া ও শুহাদার মর্যাদা ও ফযীলত বেশি হবে। এখানে শুধু নিঃস্বার্থ ভালবাসার ফযীলত বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান