আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১৩২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেন, (বনু ইসরাঈলের) এক ব্যক্তি নিজের উপর অবিচার করত। যখন তার মৃত্যুর সময় উপনীত হল তখন সে তার পুত্রদেরকে বলল, যখন আমি মৃত্যুমুখে পতিত হব তখন তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে, তারপর আমাকে পিষে ফেলবে। তারপর তোমরা আমাকে বাতাসে ছড়িয়ে দিবে। কেননা, আল্লাহর কসম, যদি আল্লাহ তা'আলা নাগালে পান, তবে তিনি আমাকে এমন শাস্তি দেবেন, যা কাউকে দেন নি। যখন লোকটি মৃত্যুমুখে পতিত হল, তখন তাকে তাই করা হল। অতঃপর আল্লাহ তা'আলা ভূমিকে হুকুম দিয়ে বললেন, তোমার মধ্যে যে সবই ছাই ছড়িয়ে রয়েছে সেগুলোকে একত্রিত কর। নির্দেশ মুতাবিক ভূমি তাই করল। সাথে সাথে দেখা গেল, লোকটি দণ্ডায়মান। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি যা করেছ, তাতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে হে? লোকটি বলল, হে আমার প্রতিপালক! তোমার ভয় অথবা বলল, (আমার) দুর্বলতাজনিত ভয় (আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে)। তখন আল্লাহ্ তা'আলা তাকে মার্জনা করে দিলেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5132- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ رجل يسرف على نَفسه لما حَضَره الْمَوْت قَالَ لِبَنِيهِ إِذا أَنا مت فأحرقوني ثمَّ اطحنوني ثمَّ ذروني فِي الرّيح فوَاللَّه لَئِن قدر الله عَليّ ليعذبني عذَابا مَا عذبه أحدا فَلَمَّا مَاتَ فعل بِهِ ذَلِك فَأمر الله الأَرْض فَقَالَ اجمعي مَا فِيك فَفعلت فَإِذا هُوَ قَائِم فَقَالَ مَا حملك على مَا صنعت قَالَ خشيتك يَا رب أَو قَالَ مخافتك فغفر لَهُ

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হাদীসে বর্ণিত ব্যক্তির সঠিক তরীকা জানা ছিল না। আল্লাহর নাফরমানী করার পর তার মনে ভীতির সঞ্চার হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মন্দ পদক্ষেপ গ্রহণ করে। মৃতদেহকে পোড়ান এবং সে ভস্ম জলে-স্থলে ছড়িয়ে দেয়া খুবই অন্যায় ও অবৈধ কাজ। কিন্তু উক্ত ব্যক্তি আল্লাহর ভয়ে এবং তা থেকে বাঁচার জন্য এরূপ কাজ করেছিল। তাই আল্লাহ তা'আলা লোকটির মৃত্যুকালীন মূর্খতা এবং পূর্ববর্তী অপরাধ মাফ করে দিয়েছিলেন। এ হাদীস থেকে জানা গেল যে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত ও অপমানিত করবেন না। আল্লাহ তাঁর বান্দার মনের অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিফহাল। তাই তিনি কোন ব্যক্তিকে শাস্তিদান করলে বুঝতে হবে যে, তিনি তার উপর বিন্দুমাত্র যুলম করেননি এবং পুরোপুরি ইনসাফ করেছেন। কোন অপরাধীকে মাফ করে দিলে বুঝতে হবে যে, তিনি তার প্রতি দয়া প্রদর্শন করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫১৩২ | মুসলিম বাংলা