মা'আরিফুল হাদীস

হজ্ব অধ্যায়

হাদীস নং: ১৫৭
হজ্ব অধ্যায়
ইহরামের পোশাক
১৫৭. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছেন যে, তিনি মহিলাদেরকে ইহরাম অবস্থায় হাতমোজা পরিধান করতে, চেহারায় নেকাব পরতে এবং ওয়ারস ও জাফরান লাগান কাপড় পরিধান করতে নিষেধ করতেন। এগুলো বাদে তারা যে কোন রঙয়ের কাপড় পরতে পছন্দ করে তাই পরতে পারে- কুসুম রঙয়ের কাপড় হোক অথবা রেশমী কাপড়। তেমনিভাবে তারা ইচ্ছা করলে অলংকারও পরিধান করতে পারে এবং শেলওয়ার, জামা, মোজাও পরতে পারে। -আবু দাউদ
کتاب الحج
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « نَهَى النِّسَاءَ فِي إِحْرَامِهِنَّ عَنِ القُفَّازَيْنِ وَالنِّقَابِ ، وَمَا مَسَّ الْوَرْسُ وَالزَّعْفَرَانُ مِنَ الثِّيَابِ ، وَلْتَلْبَسْ بَعْدَ ذَلِكَ مَا أَحَبَّتْ مِنْ أَلْوَانِ الثِّيَابِ مُعَصْفَرًا أَوْ خَزًّا أَوْ حُلِيٍّ أَوْ سَرَاوِيلَ أَوْ قَمِيصٍ أَوْ خُفٍّ » (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, ইহরাম অবস্থায় জামা, শেলওয়ার ইত্যাদি সেলাই করা কাপড় পরিধানের যে নিষেধাজ্ঞা রয়েছে, এটা কেবল পুরুষদের বেলায়। মহিলারা পর্দার খাতিরে এসব কাপড় ব্যবহার করতে পারবে এবং মোজাও পরতে পারবে। তবে হাতমোজা পরা তাদের জন্যও নিষেধ এবং মুখে নেকাব পরাও নিষেধ। কিন্তু এর অর্থ এই নয় যে, তারা ভিন্ন পুরুষের সামনেও মুখ একেবারে খোলা রাখবে। হাদীসে নিষেধাজ্ঞা এসেছে মুখে দস্তুরমত নেকাব পরে থাকতে; কিন্তু কোন ভিন্ন পুরুষের মুখোমুখি হয়ে গেলে নিজের চাদর অথবা অন্য কোন জিনিস দিয়ে মুখ আড়াল করে নিতে হবে। আবূ দাউদ শরীফে হযরত আয়েশা রাযি.-এর রেওয়ায়াত রয়েছে, যেখানে তিনি বলেন, "আমরা কিছু মহিলা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ইহরাম অবস্থায় ছিলাম। (ইহরামের কারণে আমরা মুখে নেকাব পরতাম না।) কিন্তু যখন পুরুষরা আমাদের সামনে দিয়ে যেত, তখন আমরা আমাদের চাদরটিই মাথার উপর দিয়ে ঝুলিয়ে নিতাম এবং এভাবে পর্দার ব্যবস্থা করে নিতাম। তারপর পুরুষরা যখন আমাদেরকে অতিক্রম করে যেত, তখন আমরা আমাদের মুখমণ্ডল খুলে দিতাম।"

হযরত আয়েশা রাযি.-এর এ বর্ণনা দ্বারা একথাটি একেবারে স্পষ্ট হয়ে গেল যে, ইহরামের অবস্থায় মহিলাদের জন্য নেকাব ব্যবহার করা নিষেধ; কিন্তু যখন ভিন্ন পুরুষদের সামনে পড়ে যাবে, তখন চাদর অথবা অন্য কোন জিনিস দিয়ে মুখ আড়াল করে নিতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান