মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৫২
আযকার এবং দাওয়াত অধ্যায়
মজলিস থেকে উঠাকালীন দু'আ
১৫২. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন খুব কম সময়ই আছে যে, নবী করীম ﷺ কোন মজলিস থেকে উঠার সময় তাঁর নিজের সাথে সাথে নিজের সাহাবীগণের জন্যেও এরূপ দু'আ না করেছেনঃ

اَللّٰهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُوْلُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعْصِيَتِكَ وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا وَمَتَّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَاجْعَلِ الْوَارِثَ مِنَّا وَاجْعَلَ ثَأْرَنَا عَلَى مِنْ ظَلَمْنَا وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا

হে আল্লাহ! আমাদের মনে তোমার এমন ভয় দান কর, যা আমাদের এবং তোমার না-ফরমানীর মধ্যে অন্তরায় হতে পারে। (অর্থাৎ তোমার সে ভয় যেন আমাদেরকে তোমার অবাধ্যতার দিকে পা বাড়াতে কার্যকরীভাবে বাধার সৃষ্টি করে) এবং তোমার ততটুকু আনুগত্য আমাকে দান কর- যা আমাকে জান্নাতে প্রবিষ্ট করাবে অর্থাৎ যা হবে আমার জান্নাতে প্রবেশের ওসীলাস্বরূপ) এবং ততটুকু ঈমান-য়াকীন আমাকে দান কর, যা পার্থিব বিপদাপদকে আমার পক্ষে লঘুতর করে দেবে। আর যতদিন পর্যন্ত আমাকে জীবিত রাখবে, ততদিন পর্যন্ত চোখ-কান ও অন্যান্য শক্তি দ্বারা আমাকে উপকৃত হতে দেবে। (অর্থাৎ তোমার এসব নিয়ামত থেকে যেন মৃত্যুর পূর্বে আমি বঞ্চিত না হই) এবং মৃত্যুর পরও যেন এগুলোর দ্বারা আমি উপকৃত হতে পারি। (অর্থাৎ এগুলোর দ্বারা আমি যেন এমন সব কাজ করে যেতে পারি, যা মৃত্যুর পরেও আমার কাজে আসবে)। হে মাওলা ও মালিক! যারা আমাদের (অর্থাৎ ঈমানদারদের) প্রতি যুলুম করে, তুমি তাদের উপর আমাদের প্রতিশোধ নেবে। যারা আমাদের প্রতি শত্রুতা করে, তুমি তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য ও জয়যুক্ত করবে। আমাদের দীনের উপর যেন কোন বিপদ না আসে। (অর্থাৎ দ্বীনী সঙ্কট ও ফিৎনা থেকে আমাদের হিফাযত করবে)। আর হে আল্লাহ! দুনিয়াই যেন আমাদের সবচাইতে বড় দুর্ভাবনার কারণ ও বিদ্যা-বুদ্ধির চরম লক্ষ্যবস্তু হয়ে না দাঁড়ায়, আর এমন শাসক আমাদের উপর চাপিয়ে দিওনা, যারা আমাদের প্রতি নির্দয় বে-রহম হয়। (জামে' তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِاللهِ ابْنِ عُمَرَ، قَالَ: قَلَّمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنْ مَجْلِسٍ حَتَّى يَدْعُوَ بِهَؤُلاَءِ الدَّعَوَاتِ لأَصْحَابِهِ: اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ اليَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَلاَ مَبْلَغَ عِلْمِنَا، وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর এ দু'আটিও অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, অলঙ্কার সমৃদ্ধ এবং মু'জিযা সূলভ দু'আগুলির অন্যতম। সত্য কথাতো এই যে, এ দু'আসমূহের মূল্যায়ন করার উপযুক্ত ভাষা আমাদের কাছে নেই।

আল্লাহ তা'আলা সে সব সাহাবায়ে কিরাম এবং তাঁদের পরবর্তী যুগের বুযুর্গানের কবরসমূহকে আলোকিত করুন, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এ দু'আগুলো সংরক্ষিত রয়েছে এবং উম্মতের কাছে পৌঁছেছে। আমাদেরকে তিনি এগুলোর মূল্যমান উপলব্ধি করার এবং এগুলো থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৫২ | মুসলিম বাংলা