মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৬২
আযকার এবং দাওয়াত অধ্যায়
আয়না দর্শনকালীন দু'আ
১৬২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম ﷺ যখন আয়নার দিকে তাকাতেন, তখন এ দু'আটি পড়তেন:

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي سَوّٰى خَلْقِي وَأَحْسَنَ صُورَتِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي.

সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে অঙ্গ-প্রত্যঙ্গের সৌষ্ঠব দিয়ে সৃষ্টি করেছেন এবং আমার অবয়বকে সুষমা প্রদান করেছেন এবং আমাকে এমন সৌন্দর্য-সুষমা দান করেছেন, যা অন্য অনেককেই দান করেননি। (মুসনাদে বায্যার)
کتاب الاذکار والدعوات
عَن أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم إِذَا نَظَرَ فِي الْمِرْآةِ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَوَّى خَلْقِي وَأَحْسَنَ صُورَتِي وَأَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي. (رواه البزار)

হাদীসের ব্যাখ্যা:

অন্যান্য অনেক দু'আর মত এ দু'আর মর্মকথাও হচ্ছে এই যে, বান্দা তার নিজের মধ্যে যে সৌন্দর্য-সুষমা ও গুনাগুণ প্রত্যক্ষ করবে, তা একান্তই আল্লাহর দান বলে জ্ঞান করে তাঁর স্তব-স্তুতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবে। তার এ মানসিকতা ও আচরণ আল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা এবং উবুদিয়তের ভাবকে চাঙা করবে এবং শনৈঃ শনৈঃ তাকে উন্নতর করবে। সাথে সাথে সে আত্মগরিমা ও অহংবোধের মারাত্মক ব্যাধিসমূহ থেকে মুক্ত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান