মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৭২
আযকার এবং দাওয়াত অধ্যায়
সফরে গমনকালে সফরযাত্রীকে উপদেশ এবং তার জন্যে দু'আ
১৭২. হযরত আবদুল্লাহ আল খাতমী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর চিরাচরিত অভ্যাস ছিল এই যে, যখন তিনি কোন সেনাদলকে কোথাও অভিযানে প্রেরণ করতেন, তখন তাদেরকে লক্ষ্য করে এরূপ বিদায় সম্ভাষণ জানাতেন:
اَسْتَوْدِعُ اللّٰهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ
"আমি আল্লাহর হাতে সোপর্দ করছি তোমাদের দীন, তোমাদের আমানত এবং তোমাদের শেষ আমলসমূহ।"
(সুনানে আবূ দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ عَبْدِ اللَّهِ الْخَطْمِيِّ، قَالَ: " كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَسْتَوْدِعَ الْجَيْشَ قَالَ: «أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এখানে আমানত বলতে মানব মনের সেই বিশেষ অবস্থা ও গুণকে বুঝানো হয়েছে, যা মানুষকে আল্লাহ ও বান্দাদের হক আদায়ে অনুপ্রাণিত ও বাধ্য করে। সংক্ষেপে একে বন্দেগীর যিম্মাদারীর অনুভূতি বলা যেতে পারে।
মু'মিন বান্দার আসল মূলধনই হচ্ছে তার এই আমানত গুণ, তার দীন ও দীনী আমলসমূহ। তাই হুযুর ﷺ সেনাদলকে রওয়ানা করার সময় মুজাহিদদের এ ব্যাপারসমূহ বিশেষভাবে আল্লাহরই হাতে সোপর্দ করে দিতেন এবং দু'আ করতেন যেন তিনি এগুলোর হিফাযত করেন। অনুরূপ কোন ব্যক্তিকে বিদায়দানকালেও তাঁর চিরাচরিত অভ্যাস ছিল, তিনি বিদায়ী ব্যক্তির হাতকে নিজের মুঠোয় নিয়ে বলতেন:
اَسْتَوْدِعُ اللّٰهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ
তোমার দীন, তোমার আমানত এবং তোমার অন্তিম আমলসমূহ আল্লাহর হাতে সোপর্দ করছি। তিনি যেন এগুলোর হিফাযত করেন।
(তিরমিযী ইবনে উমর থেকে হাদীসটি রিওয়ায়াত করেছেন)

এ হাদীস থেকে জানা গেল যে, কাউকে বিদায় দেওয়ার সময় তার সাথে মুসাসফাহা বা করমর্দন করাও তাঁর চিরাচরিত অভ্যাসের অন্তর্ভুক্ত ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান