মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৭৯
আযকার এবং দাওয়াত অধ্যায়
বিপদ-আপদকালে পাঠ করার দু'আ সমুহ

এ পৃথিবীতে মানুষ অনেক সময় কঠিন বিপদ-আপদের সম্মুখীন হয়। এতে এ মঙ্গলটি নিহিত রয়েছে যে, এসব পরীক্ষা ও কঠিন সাধনার দ্বারা ঈমানদারদের শিক্ষা হয় এবং এগুলো তাদের আল্লাহমুখী হওয়ার এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে উন্নতি-অগ্রগতির ওসীলা স্বরূপ এবং আল্লাহর নৈকট্য প্রাপ্তির হেতু হয়ে যায়। এ সব দু'আর কয়েকটি নিম্নে দেয়া হলো।
১৭৯. হযরত সা'আদ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যুননূন (আল্লাহর নবী ইউনুস আলাইহিস্ সালাম) যখন সমুদ্রগর্ভে মাছের পেটে ছিলেন তখন আল্লাহ তা'আলার দরবারে তাঁর ফরিয়াদ ছিল এরূপ:
لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
"হে আমার প্রভু! তুমি বিনে কোন উপাস্য নেই (যার কাছে দয়া ভিক্ষা করতে পারি) তুমি পবিত্র (তোমার পক্ষ থেকে কোন যুলুম বা বাড়াবাড়ি নেই) যুলুম ও পাপ তাপ যা সব আমার নিজের।
যে মুসলিম ব্যক্তি নিজের কোন আপদে-সঙ্কট আল্লাহ তা'আলার দরবারে এরূপ দু'আ করবে আল্লাহ তা'আলা তার দু'আ কবুল করবেন।
-(মুসনাদে আহমদ, জামে' তিরমিযী ও নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ سَعْدِ بْنِ أَبِيْ وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعْوَةُ ذِي النُّونِ الَّذِىْ دَعَا وَهُوَ فِي بَطْنِ الْحُوتِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ. فَإِنَّهُ لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِي شَيْءٍ قَطُّ إِلاَّ اسْتَجَابَ اللَّهُ لَهُ. (رواه احمد والترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইউনুস আলাইহিস সালামের এ দু'আ কুরআন মজীদে এ শব্দমালা সহযোগেই উল্লেখিত হয়েছে। (দেখুন সূরা আম্বিয়া রুকু ৬, আয়াত ৮৮)

বাহ্যত এতো কেবল আল্লাহ তা'আলার তাওহীদ ও তসবীহ এবং নিজের অপরাধী ও পাপী-তাপী হওয়ার স্বীকারোক্তি; কিন্তু প্রকৃত প্রস্তাবে এটা হচ্ছে আল্লাহর দরবারে নিজের অনুশোচনা প্রকাশ, ক্ষমা প্রার্থনা এবং তাঁরই প্রতি আত্মনিবেদনের সর্বোৎকৃষ্ট অভিব্যক্তি। এতে আল্লাহর রহমত আকর্ষণের বিশেষ ক্রিয়া রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান