মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৯১
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাঁচি কালীন দু'আ

বাহ্যত হাঁচির তেমন কোন গুরুত্ব নেই। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এক্ষেত্রেও দু'আ পাঠের শিক্ষা দিয়েছেন। এভাবে তিনি এ সাধারণ ব্যাপারটিকেও আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে পরিণত করেছেন।
১৯১. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের মধ্যকার কোন ব্যক্তি যখন হাঁচি দেবে তখন তার বলা উচিত ِاَلْحَمْدُ لِلّٰه "সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার,” আর তার অপর ভাই বা সাথীর বলা উচিত-আল্লাহ তোমার প্রতি সদয় হোন! يَرْحَمُكَ اللّٰهُ যখন সে ব্যক্তি ইয়ার হামুকাল্লাহ্ বলবে তখন পাল্টা তার বলা উচিত : يَهْدِيكُمُ اللّٰهُ وَيُصْلِحُ بَالَكُمْ
"আল্লাহ তোমাকে সরল পথে পরিচালিত করুন এবং তোমার অবস্থা দুরস্ত করে দিন! (অর্থাৎ তোমাকে সর্বদিক দিয়ে ভাল রাখুন)
-(সহীহ বুখারী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ. وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ. فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ. فَلْيَقُلْ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ. (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

হাঁচি যদি সর্দিকাশি বা অন্য কোন ব্যাধির কারণে না হয়ে থাকে, তাহলে তাতে দেমাগ পরিষ্কার ও হাল্কা হয়। হাঁচির দ্বারা যা বের হয়ে আসে, তা যদি বের না হয়ে আবদ্ধ থাকতো তাহলে নানারূপ দেমাগের ব্যাধি দেখা দিত। এজন্যে বান্দার হাঁচি আসলে আল্লাহর শুকর আদায় করা এবং কমপক্ষে আলহামদু লিল্লাহ বলা উচিত। কোন কোন রিওয়ায়াতে এক্ষেত্রে اَلْحَمْدُ لِلّٰه عَلَى كُلِّ حَالٍ (সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা) এবং কোন কোন রিওয়ায়াতে اَلْحَمْدُ لِلّٰه رَبِّ الْعَالَمِينَ এসেছে। তাই এ কালিমাগুলোর কোন একটি বললেই চলে।
শ্রবণকারীদের এরূপ ক্ষেত্রে বলা উচিত, ইয়ার হামুকাল্লাহ্। এটা হচ্ছে হাঁচি দাতার জন্যে কল্যাণ কামনা বা দু'আ স্বরূপ। হাঁচিদাতার উচিত প্রত্যুত্তরে তার জন্যেও দু'আ করা। রাসূলুল্লাহ ﷺ তার জন্যে দু'আ শিক্ষা দিয়েছেন:
يَهْدِيكُمُ اللّٰهُ وَيُصْلِحُ بَالَكُمْ
ধন্য সেই শিক্ষা, যা' এক হাঁচিকেই হাঁচিদাতা ও তার শ্রোতা, সাথীদের জন্যে আল্লাহ তা'আলার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং তাঁর সাথে বান্দার সম্পর্কের নবায়নের মাধ্যম বানিয়ে দিয়েছে।
কারো যদি সর্দি-কাশির কারণে অনবরত হাঁচি আসতে থাকে, তা হলে এরূপ ক্ষেতে হাঁচিদাঁতার প্রতিবার আলহামদু লিল্লাহ বলা বা শ্রোতার জন্যে প্রতিবার ইয়ার হামুকাল্লাহ বলার বিধান নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান